
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে। পরিস্থিতি অনুকূল থাকায় আগামী ২৪ ঘন্টার মধ্যে কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। লাক্ষাদ্বীপ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। টানা ৩-৪ দিন চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো বাতাস। দিন কয়েকের স্বস্তি উধাও!
রেমালের ফেলে যাওয়া জলীয় বাষ্প আর উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত থাকা অক্ষরেখার, জোড়া ফলায় বিদ্ধ বাংলা। ফের অস্বস্তিকর গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। সকাল থেকে রোদ যত বাড়বে তত গরম বাড়বে। সঙ্গে রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়তে পারে।
বিকেল বা সন্ধের দিকে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে গরম এবং অস্বস্তি দুটোই চরমই থাকবে।



