
বিজয়া সম্মিলনীর হাত ধরে আবার রাজনৈতিক ময়দানে অভিষেকর কামব্যাক। বিজয়া সম্মিলনীর দু’দিন আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের শুভ জন্মদিন। কালীঘাটে তাঁর সাংসদ দফতরে শুভেচ্ছা জানাতে যাবেন দলীয় কর্মীরা। বহু দিন পর ওই দিন কর্মীদের সঙ্গে জন সংযোগে দেখা যাবে অভিষেককে।
আগামী ৯ নভেম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা পার্টি অফিসে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তৃণমূল সাংসদের। উপস্থিত থাকবেন পার্টি নেতৃত্ব ও জন প্রতিনিধিরা।
তবে প্রশ্ন আগামী ১৩ নভেম্বরের উপভোটে কি প্রচারে সক্রিয় ভাবে পাওয়া যাবে তৃণমূল সেনাপতিকে ? উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর। জেলা সফরে গিয়েছেন খোদ বক্সী। শুধু তাই নয়, বক্সী ঘনিষ্ঠ অন্যান্য নেতারাও গিয়েছেন।
তবে এরই মধ্যে রাজনীতির অলিগলিতে একটাই প্রশ্ন এবার কি সক্রিয় ভাবে প্রচারে নামবেন অভিষেক ? বিগত লোকসভা ভোটের সময় দলের সব দায়িত্ব ‘কাঁধে’ তুলেনিয়েছিলেন তিনি। তবে ভোটের রেজাল্টের পর সাময়িক বিরতি নেন।
চলতি বছরে লোকসভা নির্বাচনের পর কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে ফের চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিষেক। কালীপুজোর আগে ফিরেছেন কলকাতায়। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় সপরিবারে শামিল হয়েছিলেন তিনি।
জানা গিয়েছে, বিজয়া সম্মিলনীর মাধ্যমে আগামী শনিবার থেকে ফের জনসংযোগ শুরু করবেন অভিষেক।সামনেই উপনির্বাচন। আমতলায় এসে সেখান থেকেই নির্বাচন নিয়ে আগাম কোনও কর্মসূচি তিনি ঘোষণা করেন কি না সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।



