‘এটা বিরলতম অপরাধ নয়’ – আরজিকর কাণ্ডে সঞ্জয় কে যাবজ্জীবন কারাদন্ডের সাজা শিয়ালদহ আদালতের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নয় মাসের বিচার প্রক্রিয়া , দু’পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব , ৫০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ – অবশেষে আর জি কর মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সিভিক সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদন্ডের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা। নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ রাজ্য সরকারকে। বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার ৬১দিনের মাথায় সাজা ঘোষণা।
৪ নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই। ১১ নভেম্বর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আর ৯ জানুয়ারি তা শেষ হয়েছিল। চার্জশিটে সঞ্জয় রাইকে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এই ধারায় চার্জগঠন করা হয়েছে। যে সাক্ষীদের জেরা করা হয়েছে এবং সিবিআইয়ের আইনজীবীরা যা নথি ও তথ্য নিয়ে এসেছেন, তাতে তাঁর অপরাধ প্রমাণিত বলেই স্পট জানায় আদালত।
গত, ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়ে তরুণী চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কড়া নিরাপত্তায় সঞ্জয় রাইকে জেল থেকে বার করে গাড়িতে তোলে পুলিশ। এর পর আলিপুর রোড, আচার্য জগদীশচন্দ্র বসু রোড হয়ে সঞ্জয়কে নিয়ে কলকাতা পুলিশের প্রিজন ভ্যান পৌঁছয় শিয়ালদহ আদালতে।



