রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৮ শতাংশ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আগামী ১ লা এপ্রিল থেকে বর্ধিত চার শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত ঘোষণা মতো মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানাল নবান্ন। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৮ শতাংশ।
এ দিকে, কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার বৃদ্ধির দাবিতে রাজ্য কর্মচারীরা আগেই মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই মামলার সওয়াল-জবাবও চলছে অনেক দিন ধরেই। শুধু তাই নয়, একসময় কর্মবিরতিও পালন করেছিলেন তাঁরা। ধর্মতলায় চলেছে লাগাতার অনশন-আন্দোলন।
রাজ্য অর্থ দফতরের জারি করা বিবৃতি অনুযায়ী, শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নয় একই সঙ্গে পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। তাঁদেরও মহার্ঘ ভাতা চার শতাংশ বেড়ে হল ১৮ শতাংশ।
তবে ডিএ বাড়লেও এখনও রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ্য ভাতার ব্যবধান থাকছে ৩৫ শতাংশ। মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। তাই গেল পিছিয়ে। আগামী এপ্রিল মাসে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।



