২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানা! মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে ১৮ দিনের হেফাজতে পেল NIA
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাই! দীর্ঘ অপেক্ষার পর পাক বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে হেফাজতে পাওয়ার পর বিবৃতি দিয়ে জানাল তদন্তকারী সংস্থা NIA। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রানাকে রাখা হয়েছিল দিল্লির এনআইএ সদর দপ্তরে। আজ থেকেই তাঁকে মুম্বাই হামলা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে এনআই বিশেষ সন্ত্রাসদমন শাখা। এনআইএ রানাকে ২০ দিনের হেফাজতে চাইলেও ১৮ দিনের হেফাজত মঞ্জুর করে বিশেষ এনআইএ আদালত। একটি বিশেষ ফ্লাইটে NIA এবং RAW’র যৌথ উদ্যোগে নিয়ে আসা হল দেশে।
সূত্রের খবর, পাক বংশোদ্ভুত অভিযুক্ত রানাকে আপাতত তিহাড় জেলে রাখা হবে। রানাকে ভারতে ফেরানোর পরে একটি বিবৃতি দিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, ২০০৮ সালের ওই জঙ্গি হানার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা। বিবৃতিতে NIA জানিয়েছে, ‘‘রানাকে লস এঞ্জেলেস থেকে একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়। NIA এবং ন্যাশনাল NSG’র দলের উচ্চপদস্থ কর্মকর্তারা ওই বিমানে নিয়ে আসেন রানাকে।’’
জানা গিয়েছে ভারতে বিমানটি অবতরণের পরে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তাঁকে গ্রেফতার করেন। তাকে অপরাধমূলক ষড়যন্ত্র, ভারতের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হত্যা এবং জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান এনআইএ বিবৃতিতে আরও জানিয়েছে, “২৬/১১ মুম্বই জঙ্গি হানার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ২০০৮ সালের ওই ঘটনায় মূল ষড়যন্ত্রীকে বিচারের আওতায় আনার জন্য বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছিল।”
গতকাল ভারতে আসার পর রাতের দিকে পাটিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে তোলা হয় পাক বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিককে। নিয়ম অনুযায়ী, ওই জঙ্গিকে আইনি সহায়তা দিয়েছে দিল্লির লিগ্যাল সার্ভিস অথোরিটির আইনজীবী। তিনি জানিয়েছেন, এই হেফাজতের সময় রানার স্বাস্থ্যের যাতে অবনতি না হয়, সেটা খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে এনআইএকে। তাকে সমস্তরকম চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে এনআইএ বাড়তি সময় হেফাজতে পেতে চাইলে ফের আবেদন করতে হবে তাঁকে।



