রাজ্য

১২ জন গৃহশিক্ষকের সাহায্যে প্রস্তুতি, আঁকায় আগ্রহ, মাধ্যমিকে প্রথম হয়ে তাক লাগাল অদৃত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১২ জন গৃহশিক্ষকের সাহায্যে প্রস্তুতি, আঁকায় আগ্রহ, মাধ্যমিকে প্রথম হয়ে তাক লাগাল অদৃত - West Bengal News 24

এবারের মাধ্যমিকে আবারও জেলার সাফল্য নজর কাড়ল। প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদৃত সরকার। ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে পরিচিত অদৃত। পড়াশোনায় সাহায্য করতেন ১২ জন গৃহশিক্ষক। তবে তার মনের টান ছিল ছবি আঁকায়। পরীক্ষার ফল ভালো হবে এই বিশ্বাস ছিল অদৃতের, কিন্তু সবার উপরে নিজের নাম শুনে আবেগে কেঁদে ফেলে সে। বলেছে, “প্রথম হব কোনওদিন ভাবিনি।”

রায়গঞ্জ পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড, বীরনগরের বাসিন্দা অদৃত। বাবা অমিত সরকার, পেশায় পিএফ কর্মী, আর মা একজন গৃহবধূ। অদৃত সবসময় পড়াশোনাতেই মন দিত। মাধ্যমিকের জন্য সে আলাদা প্রস্তুতি নিয়েছিল — পড়েছে ১২ জন গৃহশিক্ষকের কাছে। অংক শেখাতেন দু’জন আলাদা শিক্ষক। পড়াশোনার বাইরে ছবি আঁকা তার প্রিয় শখ।

ভালো রেজাল্ট হবে ভেবেছিল ঠিকই, কিন্তু প্রথম হবে এমনটা ভাবেনি কখনো। শুক্রবার সকালে যখন পর্ষদের তরফে তার নাম ঘোষণা করা হয়, তখন ঘুম থেকে উঠে বাবা-মা ও দিদির কাছেই সে খবরটা পায় — আর সঙ্গে সঙ্গে আবেগে ভেসে যায় চোখের জল। বাড়ির পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। ছেলের সাফল্যে খুশিতে ভাসছেন বাবা-মা।

অদৃতের দিদির কথায়, ভাই সবসময় পড়াশোনায় আগ্রহী ছিল, তাকে কখনো জোর করে পড়তে বলতে হয়নি। তিনি আরও বলেন, “পড়ার বই তো বটেই, অন্যান্য বিষয়ের বই পড়তেও খুব ভালোবাসে। এ ছাড়াও কুইজে ও খুব ভালো, সদ্য জেলার একটি প্রতিযোগিতায় জয়ী হয়েছে।” ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে জানা যায়, অদৃতের লক্ষ্য এখন নিট বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

আরও পড়ুন ::

Back to top button