রাজনীতি

‘এবার নিজের মতো বাঁচতে চাই’, রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন চিরঞ্জিত!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Chiranjeet Chakraborty : ‘এবার নিজের মতো বাঁচতে চাই’, রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন চিরঞ্জিত! - West Bengal News 24

রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর বার্তা দিলেন বারাসতের জনপ্রিয় বিধায়ক ও প্রাক্তন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। রবিবার এক জনসংযোগ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “আমার অনেক বয়স হয়েছে। তাই মনে হয় সময় এসেছে হস্তান্তরের। এখন আমি নিজের মতো বাঁচতে চাই।” তাঁর এই মন্তব্য ঘিরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই শুরু হয়ে গিয়েছে প্রার্থী না হওয়ার জল্পনা।

সেদিন বারাসত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। যেখানে ‘হ্যালো কাউন্সিলর’ অ্যাপ চালু করা হয়, যার মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিরঞ্জিত বলেন, “১৫ বছর এখানে (বারাসতে) আছি। মানুষের সঙ্গে মিশলাম, ভালো-মন্দে রইলাম। প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল। কিন্তু দ্বিতীয়, তৃতীয়বার তো সেটা হবে না। মানুষ আমাকে যাচাই করেছে। আমি বুঝেছি বারাসতের মানুষ আমাকে পছন্দ করে, সম্মান করে। সে কারণেই আমাকে রাখা হয়েছে। কিন্তু অনেক বয়স হয়েছে আমার। এখন আমি নিজের মতো বাঁচতে চাই। আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের।”

তাঁর কথায় ইঙ্গিত মিলেছে, এই সিদ্ধান্তের কথা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রীই। চিরঞ্জিত আরও বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধও করেছি। উনি বলেছেন এখনও এক বছর বাকি আছে। মুখ্যমন্ত্রীর কী সিদ্ধান্ত নেবেন সেটা একমাত্র উনিই জানেন। এবার উনি যদি আমাকে বলেন থাকতেই হবে, ছাড়বেন না, আমার থাকার প্রয়োজন আছে, তাহলে আমি ভাবব।”

সঙ্গে নিজের অবস্থানও স্পষ্ট করে দিয়ে যোগ করেন, “যারা রাজনীতিতে আগ্রহী, যারা রাজনীতি করতে চান, যাঁদের এটা কাজ, তাঁদেরই করা উচিত। প্রথম থেকে এই কথাটা বলে আসছি। আমি রাজনীতিতে আগ্রহী নই। আমার কাজ সিনেমা করা।”

চিরঞ্জিতের এই মন্তব্যে জল্পনা যেমন জেগেছে, তেমনি তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের অভ্যন্তরেও শুরু হয়েছে আলোচনা।

আরও পড়ুন ::

Back to top button