আন্তর্জাতিক

‘বন্ধু’ বেজিংয়ের দ্বারস্থ ইসলামাবাদ, অপারেশন সিঁদুরের পর চিন সফরে পাক বিদেশমন্ত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘বন্ধু’ বেজিংয়ের দ্বারস্থ ইসলামাবাদ, অপারেশন সিঁদুরের পর চিন সফরে পাক বিদেশমন্ত্রী - West Bengal News 24

অপারেশন সিঁদুরের ঘটনার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। সূত্র অনুযায়ী, তিনি সোমবার চিনে পৌঁছবেন। সেখানে তিনি বৈঠক করবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে। পাশাপাশি, তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও বৈঠক হতে পারে ইশাক ও ওয়াং-এর। উল্লেখযোগ্যভাবে, ‘বন্ধু’ ইসলামাবাদের পাশে সবসময় থেকেছে বেজিং, বিশেষ করে ভারত-পাক উত্তেজনার সময়।

ভারত ও পাকিস্তান অস্থায়ীভাবে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেওয়ার পরেই চিনের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। জানা গিয়েছে, চিনে পৌঁছেই ইশাক দার সাক্ষাৎ করবেন চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে। এরপর মঙ্গলবার সেখানে পৌঁছাবেন আফগানিস্তানের কার্যকরী বিদেশমন্ত্রী। ওইদিন বেজিংয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। তিন দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং ভারত-পাক উত্তেজনার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কীভাবে বজায় রাখা যায়, সে বিষয়েও আলোচনা হবে বলে খবর। মনে করিয়ে দেওয়া যায়, সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শংকরকে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তালিবান বিদেশমন্ত্রী।

প্রসঙ্গত, গত ১০ মে বিকেলে ভারত-পাক সংঘর্ষবিরতির পর চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই ফোন করে পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে সমর্থনের বার্তা দেন। পাক বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ‘পাকিস্তানের বরাবরের বন্ধু, পারস্পরিক সহযোগী দেশ চিন। এই পরিস্থিতিতে সেই বন্ধুত্বই অটুট রাখার বার্তা দিয়েছেন ওয়াং। সেইসঙ্গে পাকিস্তানের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে যে কোনও পদক্ষপের পাশে থাকার কথা বলেছেন চিনা বিদেশমন্ত্রী।’ ওয়াং ই-এর বক্তব্য অনুযায়ী, শাহবাজ শরিফের প্রশাসন যেভাবে চ্যালেঞ্জের মুখে পরিস্থিতি সামলেছে, তা প্রশংসার যোগ্য। এবার সেই ‘বিশ্বস্ত বন্ধু’র দিকেই আবারও হাত বাড়াল পাকিস্তান।

আরও পড়ুন ::

Back to top button