বেঙ্গালুরুতে আরসিবি-র সেলিব্রেশনে বেপরোয়া ভিড়, পদপিষ্ট হয়ে প্রাণ গেল অন্তত ৭ জনের!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আরসিবি-র বিজয় উদ্যাপনে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। প্রায় ২৫ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন ৬ বছরের শিশু বলেও খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার বিকেলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র ট্রফি জয়ের অনুষ্ঠান ছিল নির্ধারিত। সেখানে প্রবেশের জন্য আলাদা পাসের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমতে শুরু করে। রাস্তাজুড়ে ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ যখন ভিড় সামলাতে লাঠিচার্জ করে, তখন পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
আতঙ্কে অনেকেই পালাতে গিয়ে একে-অপরের উপর পড়ে যান, যার ফলে চাপে বহু মানুষ মাটিতে পড়ে যান। এর জেরেই ঘটে যায় পদপিষ্ট হওয়ার ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সাতজন প্রাণ হারিয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় অ্যাম্বুল্যান্সের মাধ্যমে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ এক ব্যক্তিকে কোলে করে দৌড়চ্ছেন।
ঘটনার দায় স্বীকার করেছেন কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি বলেন, “পরিস্থিতি সামলানোর জন্য ৫০০০ নিরাপত্তারক্ষী ছিল। কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি। তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। হতাহতের সংখ্যা এখনই বলা সম্ভব নয়।”
মঙ্গলবার রাতে আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। বুধবার কোহলিরা বেঙ্গালুরুতে পৌঁছন। ১৮ বছরের মধ্যে প্রথমবার ট্রফি জেতায় শহরজুড়ে উৎসবের আমেজ। প্রাথমিক পরিকল্পনা ছিল কর্নাটক বিধানসৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে বিজয় মিছিল করার। কিন্তু ট্র্যাফিক সমস্যা দেখিয়ে সেই অনুমতি বাতিল করে পুলিশ। পরে বিকেলে স্টেডিয়ামে কোহলিরা যোগ দেন বিজয় উৎসবে। যদিও বাইরে তখনও চলছিল মৃত্যুর মিছিল, ভিতরে সেলিব্রেশন চলতেই থাকে।



