‘দ্বিগুণ ভালো খেলতে হবে’, আইপিএল শেষ হতেই মুখ খুলল ‘বিস্ময় প্রতিভা’ বৈভব
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে দুর্দান্ত সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন সবাইকে। এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ আট থেকে আশি। নেটদুনিয়ায় ঝড় তোলা ছাড়াও প্রশংসায় ভাসছেন প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকেও। আইপিএল শেষ হওয়ার পর এই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন বৈভব সূর্যবংশী।
‘আইপিএলের’ অফিসিয়াল ওয়েবসাইটে বৈভব বলেন, “আইপিএলে খেলার স্বপ্ন প্রত্যেকের থাকে। এটা আমার প্রথম মরশুম ছিল। অনেক কিছুই ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। মূল শিক্ষা হল, এই মরশুমে আমি যা-ই করে থাকি না কেন, পরেরবার আমাকে আরও ভালো খেলতে হবে। কেবল ভালো নয়, দ্বিগুণ ভালো খেলতে হবে, যাতে আমার দল ফাইনালে উঠতে পারে। তাই যতটা পারব অবদান রাখতে চাই। এই ব্যাপারেই মন দিতে চাই।”
তাঁর কথায় আরও শোনা যায়, “পরের মরশুমের দলের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব। আমার অনেক কিছু শেখারও আছে। কিছু জায়গায় মেরামতিরও প্রয়োজন। যে জায়গায় ভুল করেছি, সেই জায়গাগুলি নিয়ে বেশি করে পরিশ্রম করতে হবে।”
প্রসঙ্গত, এবারের আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ পুরস্কার নিজের নামে করেছেন বৈভব।
আগামী ইংল্যান্ড সফরের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। সিরিজ শুরু হবে ‘২৪ জুন’ থেকে। তার আগেই বৈভব জানায়, “প্রথমবার ইংল্যান্ড যাচ্ছি। নতুন প্রতিযোগিতা। নতুন অভিজ্ঞতা। প্রস্তুতি ভালোই নিচ্ছি। ওখান থেকে সিরিজ জিতেই ফিরতে চাই।”



