মধ্যবিত্তের মুখে হাসি, রেপো রেট হ্রাসের সিদ্ধান্তে ইএমআই কমার সম্ভাবনা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সাধারণ মানুষের জন্য এল আর্থিক স্বস্তির বার্তা। ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ বড়সড় ঘোষণা করে জানাল, রেপো রেটে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে। শুক্রবার সকালে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে আনা হয়েছে। নতুন রেপো রেট দাঁড়াল ‘৫.৫ শতাংশ’। যার ফলে গাড়ি বা বাড়ি কেনার ঋণের ইএমআই কমার সম্ভাবনা উজ্জ্বল।
শীর্ষ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা এদিন জানিয়েছেন, “মানিটরি পলিসি কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে রেপো রেট কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।” সেইমতো কমানো হয়েছে ৫০ বেসিস পয়েন্ট। এই সিদ্ধান্তে ঋণ নেওয়া গ্রাহকদের আর্থিকভাবে অনেকটাই স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, যাঁরা গৃহঋণের বোঝা বইছেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। তাঁর আরও বক্তব্য, “চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতি নেমে আসতে পারে ৩.৭ শতাংশে।” যদিও পূর্বাভাস অনুযায়ী তা ছিল ৪ শতাংশ।
উল্লেখযোগ্যভাবে, গত দুই বছরে রেপো রেটে কোনও পরিবর্তন আনেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক। ‘শক্তিকান্ত দাস’-এর অবসর নেওয়ার পর দায়িত্বভার গ্রহণ করেন সঞ্জয় মালহোত্রা। দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারি মাসেই রেপো রেট ০.২৫ শতাংশ কমান তিনি। তার ঠিক দুই মাস পর ফের আরও ০.২৫ শতাংশ কমিয়ে আনা হয় রেপো রেট। এপ্রিলের পর জুন মাসেও এই রেট হ্রাসের ধারা বজায় রইল।
প্রসঙ্গত, আগের বছরগুলি জুড়ে মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে একাধিকবার রেপো রেট বাড়ানোর পথ নিয়েছিল আরবিআই। ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ পর্যন্ত রেপো রেট বেড়েছিল ২৫০ বেসিস পয়েন্ট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে তা আর বাড়ানো হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে রেপো রেট হ্রাসের ট্রেন্ড শুরু হয়েছে এবং পরপর তিনবার তা কমানো হয়েছে।
সঞ্জয় মালহোত্রা-র মতে, “দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভারতের অর্থনীতিতে অপার সম্ভাবনা রয়েছে। তাই উন্নয়নের গতি দ্রুত হচ্ছে।”



