
দোকান বা বাজারে কেনাকাটার সময় পকেটে নগদ না রাখলেও চলত এতদিন। মোবাইলে কয়েক ক্লিকেই হয়ে যেত লেনদেন। তবে এবার সেই সুবিধায় টান পড়তে চলেছে। কেন্দ্রীয় সরকার ইউপিআই লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর পরিকল্পনা করছে। ৩০০০ টাকার বেশি পেমেন্ট করলেই গ্রাহকদের দিতে হতে পারে অতিরিক্ত ফি।
এনডিটিভি প্রফিট-এর প্রতিবেদন অনুযায়ী, যাঁরা এককালীন ৩০০০ টাকা বা তার বেশি ইউপিআই লেনদেন করবেন, তাঁদের ক্ষেত্রে ফি ধার্য করা হতে পারে। তবে ৩০০০ টাকার কম অঙ্কের পেমেন্টে কোনও চার্জ লাগবে না।
এর আগেই পেমেন্ট কাউন্সিল অব ইন্ডিয়া সরকারকে ইউপিআইয়ের উপর জিরো এমডিআর নীতি পুনর্বিবেচনা করার প্রস্তাব দেয়। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এখন ব্যাঙ্ক, ফিনটেক কোম্পানি এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র সঙ্গে পরামর্শ করছে। সব ঠিক থাকলে আগামী ১-২ মাসের মধ্যেই এই নিয়ম চালু হতে পারে।
প্রসঙ্গত, মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) হল একটি সার্ভিস চার্জ, যা ব্যবসায়ীদের দিতে হয় ব্যাঙ্ক বা পেমেন্ট সিস্টেম অপারেটরদের— ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI-র মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের বদলে। সাধারণত এই হার ০.৯ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত হতে পারে। শোনা যাচ্ছে, সরকার ব্যাঙ্কগুলিকে এই চার্জ বসানোর স্বাধীনতাও দিতে পারে।
দেশে ইউপিআইয়ের জনপ্রিয়তা দ্রুত গতিতে বেড়েছে। প্রতিদিন ইউপিআইয়ে যে পরিমাণে লেনদেন হচ্ছে, তা খুব তাড়াতাড়িই ভিসা-কে ছাপিয়ে যেতে চলেছে। এক্ষেত্রে ইউপিআই হতে পারে বিশ্বের সবচেয়ে বড় রিটেল ইন্টারব্যাঙ্ক পেমেন্ট প্ল্যাটফর্ম। পরিসংখ্যান বলছে, গত ১ জুন ইউপিআইয়ের মাধ্যমে ৬৪৪ মিলিয়ন লেনদেন হয়েছে, যেখানে একই সময়ে ভিসা-য় দৈনিক ৬৩৯ মিলিয়ন লেনদেন রেকর্ড করা হয়েছে।



