‘বড় হয়ে যেন না বিগড়ে যায়’, সন্তানদের নিয়ে চিন্তিত অনুষ্কা! জানালেন কারণ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভামিকা এখন ৪ বছরের শিশু। আর ছোট ভাই অকায়ের বয়স মাত্র দেড় বছর। তবুও বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) তাঁদের সন্তানদের এখনও প্রকাশ্যে আনেননি। বহু অনুরাগী অধীর আগ্রহে তাঁদের ছোট্ট রাজকন্যা ও পুত্রকে দেখতে চাইলেও, বিরুষ্কা এই বিষয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়েছেন। কিন্তু কেন তাঁরা সন্তানদের ক্যামেরা ও প্রচারের বাইরে রেখে বড় করছেন? এই বিষয়ে খোলামেলা জানালেন অনুষ্কা।
তিনি স্পষ্ট করলেন, যেহেতু তাঁরা দু’জনেই জনপ্রিয় মুখ, তাঁদের প্রতিটি পদক্ষেপই প্রকাশ্যে আসে, তা সে ঘরের ভিতরের হোক বা বাইরের। এই কারণেই তাঁদের সন্তানদের ছবি তুলতে সর্বক্ষণ পাপারাজ্জির ভিড় লেগেই থাকে। অনুষ্কার কথায়, “আমরা চাই না, প্রচারের আলোয় আমাদের সন্তানরা বড় হোক। সোশাল মিডিয়াতেও তাদের আনতে চাই না। এই সিদ্ধান্তটা বড় হয়ে ওরা নিজেরাই নেবে। এখন সময় বদলেছে। বাবা-মাকে দেখেই তো সন্তানরা শিখবে। সেই জন্য আমাদের অনেক কিছু সামলে চলতে হয়।”
অনুষ্কা আরও জানান, “আমরা কীভাবে দুনিয়া দেখছি, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমার ছোটবেলা ভালোবাসায় ভরা ছিল। সেখান থেকে আমি শিখেছি, কীভাবে গুরুজনদের সম্মান করতে হয়। আমরা চাই, আমাদের সন্তানরা নীতিশিক্ষা নিয়ে বড় হোক। চাই না, সন্তানরা কুশিক্ষা পাক, বড় হয়ে বখে যাক।”
সন্তানদের বড় করে তোলার বিষয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, “বাবার কাজ, মায়ের কাজ বলে কিছু হয় না। এটা পরিবারের কাজ। নিজেদের কাজ ভাগ করে নিয়েছি। সব দিক ভারসাম্য রেখে ওদেরকে বড় করছি। প্রথমদিকে যদিও আমাকেই বেশি দায়িত্ব নিতে হয়েছে। আমি যদি মনে করি বছরে দুটো সিনেমা করব, করতেই পারি। কিন্তু বিরাটের ব্যাপারটা আলাদা। ওকে সারা বছর খেলতে হয়। সেখান থেকে পরিবারের জন্য সময় বের করা খুব গুরুত্বপূর্ণ।” উল্লেখ্য, সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ধারণা করা হচ্ছে, পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত।



