ক্রিকেট

দ্বিতীয় টেস্টে নেই বুমরাহ! তাঁর বদলে কাকে ভাবছে টিম ইন্ডিয়া?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jasprit Bumrah : দ্বিতীয় টেস্টে নেই বুমরাহ! তাঁর বদলে কাকে ভাবছে টিম ইন্ডিয়া? - West Bengal News 24

প্রথম চার দিনের পারফরম্যান্সে টিম ইন্ডিয়ার হার আঁচ করা না গেলেও শেষ দিনে বিপর্যয় ঘটে। লোয়ার মিডল অর্ডারের ভাঙন, গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া, আর ধারাবাহিকতা হারানো বোলিং—এই সব কিছুর ফলেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫ উইকেটে হার দেখতে হয় ভারতকে। যদিও ম্যাচ শেষে দলের হেড কোচ গৌতম গম্ভীর জানিয়ে দেন, “দলের পরিকল্পনা একেবারে পরিষ্কার।” তাতে বোঝা গিয়েছিল, জশপ্রীত বুমরাহ তিনটি টেস্টই খেলবেন। তবে এখন খবর মিলছে, দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না তাঁকে। প্রশ্ন উঠছে—তাঁর জায়গা পূরণ করবেন কে?

এই পরিস্থিতিতে সফরের শুরুতেই টিম ইন্ডিয়ার সামনে বড় চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে। হেডিংলিতে প্রথম ম্যাচে হারের পর, দ্বিতীয় টেস্টে যদি বুমরাহ অনুপস্থিত থাকেন, তাহলে বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ওই টেস্টে বুমরাহ বল হাতে ৪৪ ওভার করে ফেলেছেন, ফলে তাঁর উপরে চাপও বেড়েছে যথেষ্ট। সূত্রের খবর, সেই কারণেই এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে তিনি বিশ্রাম নিতে পারেন। তবে আশা করা যাচ্ছে, ১০ জুলাই লর্ডসে শুরু হওয়া তৃতীয় টেস্টে তিনি দলে ফিরবেন।

এই পরিস্থিতিতে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, “আমার মনে হয় বুমরাহ পরের ম্যাচটাতেই বিশ্রাম চাইবে। কারণ লর্ডসে ও অবশ্যই খেলতে চাইবে। তারপর আবার বিরতি আছে। কিন্তু সমস্যা হল, বুমরাহ যদি বিশ্রাম নেয়, তাহলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর সেটা বিপর্যয়ের শামিল।” বাস্তবে যে তাঁর কথা ভুল ছিল না, তা ম্যাচের পারফরম্যান্সেই পরিষ্কার হয়ে গিয়েছে। প্রথম টেস্টেই বোঝা গিয়েছে, বুমরাহ ছাড়া ভারতের বোলিং লাইন আপ কার্যত দিশাহীন। ফলে তাঁর বিকল্প হিসেবে যিনি খেলবেন, তিনি কতটা কার্যকর হবেন—তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

২ জুলাই শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তার আগেই দলের বোলিং ইউনিটকে শক্তপোক্ত করে তোলার দায়িত্ব থাকছে গম্ভীরের কাঁধে। তবে সবকিছু ছাপিয়ে প্রধান লক্ষ্য থাকবে হেডিংলির পরাজয়ের স্মৃতি মুছে ফেলার দিকে। যদি বুমরাহ না খেলেন, তাহলে অর্শদীপ সিং অথবা আকাশ দীপের মধ্যে কোনও একজনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অর্শদীপ এখনও টেস্ট ক্রিকেটে নতুন এবং আকাশ দীপের অভিজ্ঞতাও আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশি নয়—বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে। তাছাড়া আকাশ দীপ ৭টি টেস্টে মাত্র ১৫টি উইকেট পেয়েছেন। সব মিলিয়ে এটা স্পষ্ট, ভারতের ড্রেসিংরুমে এখন সময়টা একেবারেই সুবিধার নয়।

আরও পড়ুন ::

Back to top button