রাজ্য

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, রাজ্যজুড়ে জারি সতর্কতা, কবে কমবে দুর্যোগ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Weather Update নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, রাজ্যজুড়ে জারি সতর্কতা, কবে কমবে দুর্যোগ? - West Bengal News 24

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত বর্তমানে সক্রিয় রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এর ফলে গোটা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও অতিভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এই আবহাওয়া সপ্তাহ জুড়েই থাকতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার সকাল থেকেই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঠান্ডা বাতাসও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর আকাশ মেঘলা থাকবে এবং আজ শহরে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। যদি সোমবার নিম্নচাপ তৈরি হয়, তবে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, তা সোমবার নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল থাকবে এবং ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগরও। তাই রবিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কোথাও কোথাও ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের নিচু এলাকায় জল জমে যেতে পারে এবং নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে চাষের ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য