‘অপারেশন সিঁদুরে’ গুরুত্বপূর্ণ ভূমিকার পর, এবার ‘র’ প্রধান হচ্ছেন পরাগ জৈন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সীমান্তের ওপারে পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলো শনাক্ত করতে ‘অপারেশন সিঁদুরে’-তে মুখ্য ভূমিকা পালন করেছিলেন যিনি, সেই পরাগ জৈন এখন ভারতের শীর্ষ গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর প্রধান পদে আসীন হতে চলেছেন। তিনি এতদিন সংস্থার আওতাধীন আকাশ নজরদারির শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বে ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি তাঁর নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে। আগামী ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
সূত্রের খবর, পরাগ জৈনের নাম সরাসরি প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতে তাঁর একাধিক সফল অভিযানের ভিত্তিতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাঞ্জাব ক্যাডারের এই ১৯৮৯ ব্যাচের আইপিএস আধিকারিক খলিস্তানি সন্ত্রাস দমনে সফলতার সঙ্গে কাজ করেছেন। লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২১ সালের ১ জানুয়ারি তিনি পাঞ্জাব পুলিশের ডিজিপির দায়িত্বে আসেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ‘অপারেশন সিঁদুরে’ চলাকালীন পিওকে-তে এবং পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে তাঁর বড় অবদানই তাঁকে এই পদে নিয়ে এসেছে। সেই সময় তিনি ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর নেতৃত্বে ছিলেন। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীর অঞ্চলে সন্ত্রাস দমন অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
শনিবার, ২৮ জুন তাঁর ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর নতুন প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়। ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ‘র’ প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমান প্রধান রবি সিনহা ৩০ জুন অবসরে যাচ্ছেন।



