মুম্বইয়ে স্থায়ী হওয়ার পথে দেব-রুক্মিণী? নতুন ফ্ল্যাট কেনার তোড়জোড়, বলিউডে পা রাখছেন টলিউড জুটি?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্রকে ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের সম্পর্ক নিয়ে গত এক দশকে নানা সময়ে নানা গুঞ্জন শোনা গেছে। সম্প্রতি জল্পনা আরও বেড়ে গিয়েছিল যে, তাঁদের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। কিন্তু সে সব জল্পনায় জল ঢেলে দিয়ে সুপারস্টার দেব সাফ জানিয়ে দিয়েছেন, “গত বারো বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনওদিন সেটা নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেন উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না!”
এই বক্তব্যের পাশাপাশি দেব জানিয়েছেন, তিনি ও রুক্মিণী এবার মুম্বইয়ে থাকার পরিকল্পনা করছেন। বহুদিন ধরেই বলিউডে কাজের সুযোগ আসছে তাঁদের কাছে, আর সেই কারণেই নয়া পদক্ষেপ নিচ্ছেন তাঁরা।
দেব বলেন, “প্ল্যান করছি মুম্বইতে একটা ফ্ল্যাট কেনার। কারণ ওখান থেকেও অনেক অফার আসছে। মাসে অন্তত দশ দিন ওখানে গিয়ে থাকব। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বই যেতে হয়। তাছাড়া ফাইটমাস্টার থেকে কোরিওগ্রাফার সব ওখানে। মুম্বই থেকে যন্ত্রপাতিও আসছে। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও আমার ওখানে যেতে হয়। সবমিলিয়ে মাসে অন্তত দশদিন আমাকে মুম্বইতে থাকতে হয়। আমাদের বেশিরভাগ কাজই তো এখন মুম্বইতেই হচ্ছে। যেমন ‘রঘু ডাকাত’ ছবিটা ‘ডলবি অ্যাটমস’ করতে হলেও আমাকে ওখানেই থাকতে হবে তখন। তাছাড়া কালার কারেকশনের কাজও ওখানেই করানোর ইচ্ছে রয়েছে। আমাদের ‘প্রজাপতি ২’ ছবির মিউজিক মিক্সিংয়ের কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বইতেই করছেন। আমি ওখানে থাকলে কাজের সুবিধেই হবে। তবে সেসব করতে হলে মুম্বইতে হোটেলে থাকতে হয়। সেটাও খরচ সাপেক্ষ ব্যাপার! সেসবের জন্যই মুম্বইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছি।”
সম্প্রতি একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে এই সমস্ত তথ্য ভাগ করে নিয়েছেন দেব। শুধু নিজের নয়, রুক্মিণীর কেরিয়ার নিয়েও তিনি তাঁর মত প্রকাশ করেছেন। দেব বলেন, “২০২১ সালে রুক্মিণী যখন ‘সনক’ করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বইতে যায়, অডিশন দেয়, মিটিং করে কলকাতায় ফেরে। আসলে ও অনেকদিন ধরেই মুম্বইতে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা-একা সাহস পাচ্ছিল না। তাছাড়া আমারও মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই ওঁর বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি ওঁকে না ঠেলি, তাহলে অন্যায় হবে। এখন মুম্বইতেও আমার অনেক কাজ থাকে।”
উল্লেখযোগ্য, টলিউডের একাধিক তারকা—যেমন টোটা রায়চৌধুরি, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ—ইতিমধ্যেই বলিউডে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন। সেই তালিকায় ভবিষ্যতে দেব-রুক্মিণীর নাম জুড়তে পারে বলেই মনে করছেন অনেকে।



