আদালতের রায় বেরোনোর পর ফের শামিকে নিশানা হাসিন জাহানের, বিস্ফোরক অভিযোগ প্রাক্তন স্ত্রী’র
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

খোরপোশ মামলায় আদালতের পক্ষ থেকে স্বস্তিজনক রায় পেয়েই প্রাক্তন স্বামী মহম্মদ শামির (Mohammed Shami) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হাসিন জাহান (Hasin Jahan)। তাঁর দাবি, একসময় মডেলিংয়ের মাধ্যমে জীবন নির্বাহ করতেন তিনি, কিন্তু শামি জোর করে সেই পেশা থেকে সরিয়ে তাঁকে গৃহবধূ বানিয়েছিলেন। বর্তমানে উপার্জনের কোনও উৎস না থাকলেও, আদালতের রায়ে স্বস্তি মিলেছে বলেই জানালেন তিনি।
সোমবার কলকাতা হাই কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়ে দেয়, “মহম্মদ শামিকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে”। বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দেয়, স্ত্রী হাসিন জাহানকে মাসে দেড় লক্ষ টাকা এবং তাঁদের নাবালিকা কন্যার জন্য আড়াই লক্ষ টাকা দিতে হবে জাতীয় দলের এই পেসারকে। যদিও ২০১৮ সালে হাসিন আদালতের কাছে ৭ লক্ষ টাকা খোরপোশ এবং মেয়ের পড়াশোনার খরচ বাবদ আরও ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন।
দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পর এই রায়কে বড় জয় বলেই মনে করছেন হাসিন। এরপর সংবাদ সংস্থা ANI-কে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিয়ের আগে মডেলিং করতাম। তাতে আমার খরচ দিব্যি চলে যেত। কিন্তু শামি আমার কাজ করা বন্ধ করে দেয়। আমাকে গৃহবধূ হয়ে থাকতে বাধ্য করেছিল। যেহেতু শামিকে খুব ভালোবাসতাম, তখন এসব মেনে নিয়েছি। কিন্তু এখন আমার কোনও উপার্জন নেই। আমাদের যাবতীয় খরচের দায়িত্ব শামিকে নিতেই হবে। তাই ও যখন দায়িত্ব নিতে অস্বীকার করল, বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, আমাদের দেশে এখনও আইন রয়েছে যা সকলকে নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।”
রায়ের পর হাসিনের আইনজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, “২০১৮ থেকে ২০২৪, খোরপোশ চেয়ে বারবার চেষ্টা করেছেন হাসিন। আজকের দিনটা তাঁর জন্য খুব আনন্দের।”
প্রসঙ্গত, আগেই আলিপুর আদালতের নির্দেশ অনুযায়ী স্ত্রী ও সন্তানের জন্য মাসিক ৮০ হাজার টাকা খোরপোশ দিতেন শামি। পরে সেই পরিমাণ সংশোধন করে জেলা জজ স্ত্রীর জন্য ৫০ হাজার ও সন্তানের জন্য ৮০ হাজার টাকা ধার্য করেন। তবে সেই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে হাসিন হাই কোর্টের দ্বারস্থ হন, আর সেখানেই মিলল বড়সড় আইনি স্বীকৃতি।



