এজবাস্টনে ইতিহাস গড়ে সিরিজে ফিরল ভারত, গিল-আকাশ দীপের দুরন্ত পারফরম্যান্সে জয়ের উল্লাস
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এজবাস্টনে ইতিহাস রচনার নজির গড়ল ‘নতুন ভারত’। শুভমান গিলের নেতৃত্বে দ্বিতীয় টেস্টে দাপুটে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। দীর্ঘদিনের ইতিহাস বদলে ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল তারা। প্রথম টেস্টের পরাজয়, তারকাদের অবসর, পেসারদের বিশ্রাম, সমালোচনার ঝড় – সব কিছুর জবাব ভারত দিয়েছে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স দিয়ে। এই প্রথম এজবাস্টনের মাঠে টেস্ট জয়ের মুখ দেখল ভারত। এবং এই জয়ের নায়ক বাংলার আকাশ দীপ। ম্যাচে তাঁর ৬ উইকেট এবং শুভমান গিলের ব্যাটিং বীরত্বেই এল এই ঐতিহাসিক সাফল্য।
শুরুটা হয়েছিল অধিনায়ক গিলের দুর্দান্ত ইনিংস দিয়ে। প্রথম ইনিংসে তিনি খেলেন ২৬৯ রানের রেকর্ড গড়া ইনিংস। পাশে ছিলেন যশস্বী (৮৭) ও জাদেজা (৮৯)। ৫৮৭ রানে থামে ভারতের ইনিংস। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ৭৭। এরপর সিরাজের ডাবল স্ট্রাইক—জো রুট ও বেন স্টোকস ফিরে যান পরপর বলেই। যদিও সেখান থেকে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। স্মিথ ও ব্রুক গড়েন ৩০৩ রানের জুটি। তবে তাদের থামান আকাশ দীপ। সিরাজের সাহায্যে ইংল্যান্ড অলআউট ৪০৭-এ।
ভারতের লিড দাঁড়ায় ১৮০। দ্বিতীয় ইনিংসে ফের গিলের দাপট। ১৬১ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গ দেন কেএল রাহুল (৫৫), ঋষভ পন্থ (৬৫), জাদেজা (৬৯)। ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। লক্ষ্য দাঁড়ায় ৬০৮।
ইংল্যান্ড চতুর্থ দিনে ৭২/৩ স্কোরে চাপে পড়ে যায়। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও শেষ দিনে আকাশ পরিষ্কার হলে ফের শুরু হয় খেলা। ইংরেজদের ব্যাটিং বিপর্যয়ের শুরু করেন আকাশ দীপ। পরপর উইকেট তুলে নিয়ে চাপ বাড়ান তিনি। একসময় ৮৩/৫ ইংল্যান্ড। স্টোকস কিছুটা প্রতিরোধ করেন কিন্তু ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণের উইকেটে ভেঙে পড়ে সেই প্রতিরক্ষাও। আকাশ দীপ তুলে নেন নিজের প্রথম টেস্টে পাঁচ উইকেট। শেষ উইকেটও তাঁর দখলে। ইংল্যান্ড অলআউট ২৭১।
গাব্বার মতোই এজবাস্টনেও ভারত প্রমাণ করল, তারা এখন ভয়ডরহীন, প্রতিপক্ষের দুর্গেও দুর্ধর্ষ।



