রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে শপিং মল, জমি মিলবে মাত্র ১ টাকায়! শিল্পান্ন উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ফের বড় পদক্ষেপ রাজ্য সরকারের। বৃহস্পতিবার আলিপুরে ‘শিল্পান্ন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই মঞ্চ থেকেই শিল্প ও ব্যবসাকে উৎসাহ দিতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
‘শিল্পান্ন’ হল চর্ম ও কুটির শিল্পের এক অনন্য কেন্দ্র, যেখানে মোট ৪৬টি স্টল রয়েছে। এই প্রকল্পের ভাবনার নেপথ্যের গল্প জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি। কোথায় আমাদের জমি খালি পড়ে আছে। কী করা যায়। সেইভাবেই ‘শিল্পান্ন’র ভাবনা এসেছিল। ভারতে লেদার শিল্পে বাংলা নম্বর ওয়ান। মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ কিনতে পছন্দ করেন। বাইরে যে ব্যাগ ৩০-৪০ হাজার টাকায় কিনতে হয়, এখানে সেটাই তিন হাজার টাকায় পেয়ে যাবেন।”
শুধু আলিপুরেই নয়, ভবিষ্যতে রাজ্যের সমস্ত জেলা সদরেই তৈরি হবে আধুনিক শপিং মল। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শপিং মল তৈরির জন্য এক টাকায় জমি দেওয়া হবে। তবে তার সঙ্গে থাকবে একটি শর্ত।
“জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব। যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত দুটো ফ্লোর আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফিহাউস, যা খুশি করুন। শপিং মল আপনারা ছ’তলা, সাততলা বা আটতলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই। কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভরগোষ্ঠীর মেয়েদের জন্য।”
এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে শিল্প বৃদ্ধির পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও।



