সিরাজের আগ্রাসী উদযাপনে আইসিসির কড়া শাস্তি, পরবর্তী টেস্টে খেলা নিয়ে জল্পনা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বেন ডাকেটকে আউট করার পর তাঁর অতিরিক্ত উদযাপনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। এবার সেই ঘটনার জেরে বড়সড় শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেসার। তবে কি পরবর্তী টেস্টে সিরাজ নির্বাসিত হতে পারেন? উঠছে প্রশ্ন।
আইসিসি জানিয়েছে, উইকেট পাওয়ার পর সিরাজের প্রতিক্রিয়া শিষ্টাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল। বেন ডাকেট আউট হওয়ার পরই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক মন্তব্য করেছিলেন, সিরাজকে জরিমানা করা উচিত। শেষমেশ ঠিক তেমনটাই করল আইসিসি—সিরাজের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির কোড অফ কন্ডাক্ট-এর ২.৫ নম্বর ধারা অনুযায়ী, ‘যদি কোনও আন্তর্জাতিক ম্যাচে ব্যাটার আউট হওয়ার পর বোলারের আচরণ অত্যন্ত উগ্র হয় অথবা প্রতিপক্ষকে প্ররোচিত করার মতো আচরণ করেন, তবে সেটি নিয়ম লঙ্ঘন হিসাবে গণ্য হবে।’ সিরাজের বিরুদ্ধে এটি গত ২৪ মাসে দ্বিতীয়বার এমন অপরাধ। ফলে বর্তমানে তাঁর নামের পাশে রয়েছে মোট দুটি ডিমেরিট পয়েন্ট।
নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনও খেলোয়াড়ের চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে তাঁকে এক বা একাধিক ম্যাচ থেকে সাসপেন্ড করা হয়। সেক্ষেত্রে এখনও পর্যন্ত সিরাজের ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে অংশগ্রহণে কোনও বাধা নেই।
উল্লেখ্য, লর্ডস টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের স্কোর ৪ উইকেটের বিনিময়ে ৫৮ রান। জয় পেতে হলে আরও প্রয়োজন ১৩৫ রান। সিরাজ এই ইনিংসে ব্যাট করতেও নামবেন। যদি তিনি ফের কোনও নিয়ম ভাঙেন, তাহলে শেষ টেস্টে তাঁর অংশগ্রহণ নিয়েও সংশয় তৈরি হতে পারে।
এখানে মনে করিয়ে দেওয়া যায়, এর আগেও সিরাজ একবার বিতর্কে জড়িয়েছিলেন। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় ট্র্যাভিস হেডের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়েছিল। সেই ঘটনার জেরে দু’জনের নামেই এক করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল। সেই সময় সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল কোড অফ কন্ডাক্টের ২.৫ নম্বর ধারা ভাঙার জন্য।



