ক্যানসার, ডায়াবেটিস-সহ ৭১টি গুরুত্বপূর্ণ ওষুধের মূল্য নির্ধারণ করল কেন্দ্র, দেখে নিন নতুন দর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কেন্দ্রীয় সরকার ৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের নির্ধারিত মূল্য ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছে ক্যানসার ও ডায়াবেটিসের মতো গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও। একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম প্রকাশ করেছে কেন্দ্র। জানা গিয়েছে, এই মূল্য নির্ধারণ করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)।
তথ্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার জন্য এই দাম কার্যকর হয়েছে। উদাহরণস্বরূপ, ‘রিলায়েন্স লাইফ সায়েন্সেস’ সংস্থা যে ‘ট্রাস্টুজুমাব’ নামের ওষুধটি তৈরি করে — যা মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার ও গ্যাস্ট্রিক ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত — সেই ওষুধের দাম নির্ধারিত হয়েছে। ৪ জুলাই প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারে এই ওষুধের প্রতি ভায়ালের দাম হবে ১১,৯৬৬ টাকা।
অন্যদিকে, পেপটিক আলসার চিকিৎসায় ব্যবহৃত ‘টরেন্ট ফার্মাসিউটিক্যাল্স’-এর একটি ওষুধ, যা ক্ল্যারিথ্রোমাইসিন, এসোমেপ্রাজল ও অ্যামোক্সিসিলিন মিশ্রণে তৈরি, সেটির প্রতি ট্যাবলেটের দাম নির্ধারিত হয়েছে ১৬২.৫০ টাকা।
তালিকায় রয়েছে ডায়াবিটিস চিকিৎসায় ব্যবহৃত প্রায় ২৫টি ওষুধের নাম, যার মধ্যে সিটাগ্লিপ্টিন-ও অন্তর্ভুক্ত। এমনকী কিছু সংস্থার প্যারাসিটামল জাতীয় ওষুধের দামও নির্ধারিত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ২০১৩ সালের ওষুধ মূল্য নিয়ন্ত্রণ বিধি মেনে এই নতুন দাম নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে কেন্দ্র মোট ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধি করেছিল। বাজারে ওষুধের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাঁধে আর্থিক চাপ বাড়িয়েছিল। বিরোধী দলগুলি এই দাম বৃদ্ধির কড়া সমালোচনাও করেছিল।



