রাজনীতিরাজ্য

দেবকে ‘ভালো ছেলে’ বলেই কটাক্ষ দিলীপের, প্রশ্ন তুললেন রাজনৈতিক ভূমিকা নিয়ে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dilip Ghosh on Dev : দেবকে ‘ভালো ছেলে’ বলেই কটাক্ষ দিলীপের, প্রশ্ন তুললেন রাজনৈতিক ভূমিকা নিয়ে - West Bengal News 24

সাম্প্রতিক সময়ে নিজের রাজনৈতিক উপস্থিতি ফের জোরদার করছেন তিনি। রাজ্য বিজেপির সঙ্গে একঘরে না থেকে নিজের মতো করেই নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২১ জুলাই, রাজ্যের রাজনৈতিক ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ দিনটিতে বিরোধী দলনেতা যখন উত্তরবঙ্গমুখী অভিযান চালাচ্ছেন, তখন দিলীপ নিজেই ছিলেন খড়গপুরে। মঙ্গলবার সকালেও তাঁকে দেখা গেল সেখানেই। এদিন সকালে হাঁটতে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হলে, এক প্রশ্নে উঠে আসে তৃণমূল সাংসদ দেবের নাম। সেখানেই দিলীপ বলেন, “মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কী?” এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, “কার চাপে দেব এখনও রাজনীতি করছে?”

ঘাটাল কেন্দ্র থেকে পরপর তিনবার তৃণমূলের হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ২০২৪ সালের লোকসভা ভোটে প্রার্থী হতে না চাওয়ার কথা তিনি আগেই জানিয়েছিলেন। অভিনয়জীবনের ব্যস্ততা এবং বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে সাফল্য না পাওয়ার হতাশাই তাঁর অনীহার অন্যতম কারণ ছিল। তিনি সেই আক্ষেপ জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর তাঁদের আশ্বাসেই ফের প্রার্থী হতে রাজি হন দেব। প্রতিশ্রুতি ছিল— ‘কেন্দ্র না দিলে রাজ্যই অর্থ দিয়ে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে’। সেই আশ্বাসে ভরসা রেখে দেব ফের ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হন। মমতা বন্দ্যোপাধ্যায় পরে ঘোষণা করেন, রাজ্য সরকারের উদ্যোগেই শুরু হবে মাস্টার প্ল্যানের কাজ। তবে পুরো প্রকল্প শেষ হতে প্রায় দুই বছর সময় লাগবে, আর এই সময়টুকু ঘাটালের মানুষের দুর্ভোগ বহাল থাকবে বলেই জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের তরফে দেবকে নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, দেব স্কটল্যান্ডে কাজের মাঝে থেকেও ২১ জুলাইয়ের অনুষ্ঠানে অংশ নিতে ফিরেছেন, অথচ ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে যাননি। কটাক্ষের সুরে দিলীপ বলেন, “উনি প্রতিবার ভোটের সময় কথা দেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে দেব এখনও রাজনীতিস করছে? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতে চায়নি। জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে। দেব যদি বলে যে রাজনীতি করবে না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো।”

দিলীপ ঘোষের এই মন্তব্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে— তিনি কি তাহলে দেবকে বিজেপিতে আহ্বান জানালেন পরোক্ষভাবে? ‘ভালো ছেলে’ বলেই কি এবার ‘নিষ্কর্মা’ তকমা দিয়ে রীতিমতো রাজনীতির ময়দানে টেনে আনতে চাইছেন?

আরও পড়ুন ::

Back to top button