ওবিসি মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, প্রধান বিচারপতির সম্মতিতে মামলা দায়েরের অনুমতি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ওবিসি-র নতুন তালিকা নিয়ে হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। প্রধান বিচারপতি মামলাটি দায়েরের সম্মতি দেন। জানা যাচ্ছে, মামলার শুনানি আগামী সোমবার হতে পারে।
রাজ্যের হয়ে প্রধান বিচারপতির নজরে বিষয়টি তুলে ধরে কপিল সিব্বল বলেন, “নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয় আমাদের(রাজ্যকে) আইন প্রণয়ন করতে হবে। এটা সমস্ত রায়ের পরিপন্থী,” জবাবে প্রধান বিচারপতি বলেন, “ইন্দিরা সাহনি মামলার পর থেকে ধরে হয় যে, ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন।”
সিব্বল আরও জানান, “হাই কোর্টে (কলকাতা) একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে তা স্থগিত রাখার আবেদন করা হচ্ছে।” প্রধান বিচারপতি জানান, “বিষয়টি তালিকাভুক্ত করা হোক।” সব ঠিকঠাক থাকলে সোমবার বিষয়টির শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর কলকাতা হাই কোর্ট এক ঐতিহাসিক রায়ে ২০১০ সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। পাশাপাশি রাজ্য সরকারকে নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই নতুন তালিকা প্রস্তুত করে রাজ্য। কিন্তু, ওই তালিকায় সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠে এবং তা চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের হয়।
ওই মামলায় রাজ্য সরকার ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম মেনেই সমীক্ষা করে তার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে এবং জানায়, ৩১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।



