পশ্চিম মেদিনীপুর

‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এ কেন্দ্রের ‘দায়সারা’ জবাবে ক্ষুব্ধ দেব, সংসদে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Ghatal Master Plan : ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এ কেন্দ্রের ‘দায়সারা’ জবাবে ক্ষুব্ধ দেব, সংসদে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ - West Bengal News 24

“বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল, জনজীবন প্রায় অচল হয়ে যায়।” এই সমস্যা দূর করতে প্রতিবছর উদ্যোগী হন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা ‘দেব’। রাজ্য সরকারের তরফে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর জন্য প্রাথমিকভাবে “৫০০ কোটি টাকা” বরাদ্দও করা হয়েছে। কিন্তু কেন্দ্র এখনও কোনও অর্থ বরাদ্দ করেনি। এই পরিস্থিতিতে চলতি বাদল অধিবেশনে সংসদে সরাসরি প্রশ্ন তোলেন দেব।

তাঁর প্রশ্ন ছিল— “প্রথমত, প্রকল্পটির জন্য কেন্দ্র বাজেট বরাদ্দ করছে না কেন? দ্বিতীয়ত, রাজ্য সরকার কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো সংস্থা থেকে অর্থ নিতে পারবে?”

জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ‘রাজ ভূষণ চৌধুরী’ জানান, রাজ্য এখনও সেই সব শর্ত পূরণ করেনি, যা এই প্রকল্প গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয়। তিনি বলেন, প্রকল্পটি বিনিয়োগে ছাড়পত্র পেয়েছে “২০২১ থেকে ২০২৬” সময়ের জন্য। তবে এটিকে “বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প”-এর অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ এর জন্য কেন্দ্রের ৩০০ কোটি টাকার সীমিত বাজেট রয়েছে। এবং কেবল সেই রাজ্যগুলির প্রকল্পই গ্রহণযোগ্য হবে, যারা ‘ফ্লাড প্লেইন জোনিং’ নির্দেশিকা বাস্তবায়ন করছে।

এই উত্তরে তৃণমূল সাংসদ দেব ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, কেন্দ্রের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এই প্রকল্প নিয়ে অবহেলা করা হচ্ছে। আগে একাধিকবার তিনি কেন্দ্রে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু কোনও ইতিবাচক সাড়া মেলেনি। ফলে বর্তমানে রাজ্য সরকার নিজস্ব অর্থেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button