বলিউড

অস্ত্র হাতে হৃতিক বনাম এনটিআর জুনিয়র, ঝড় তুলল ‘ওয়ার ২’-এর ট্রেলার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অস্ত্র হাতে হৃতিক বনাম এনটিআর জুনিয়র, ঝড় তুলল ‘ওয়ার ২’-এর ট্রেলার - West Bengal News 24

‘যশরাজ ফিল্মস’-এর “স্পাই ইউনিভার্স” ঘিরে বরাবরই দর্শকমহলে থাকে বিশেষ আগ্রহ। কারণ, গত কয়েক বছরে বলিউডের প্রথম সারির নায়কদের নিয়ে রুদ্ধশ্বাস অ্যাকশন আর চমৎকার গ্রাফিক্সে নজর কাড়েন প্রযোজক আদিত্য চোপড়া। সেই তালিকায় যেমন আছেন শাহরুখ খান ও সলমন খান, তেমনই রয়েছেন হৃতিক রোশনও। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণের জনপ্রিয় তারকা ‘নন্দমুরি তারক রামা রাও জুনিয়র’ ওরফে এনটিআর জুনিয়র। শুক্রবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত “ওয়ার ২”-এর ট্রেলার, যা নিয়েই শুরু হয়ে গেল আলোচনা।

ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত হৃতিক রোশন ধামাকাদার অ্যাকশনে ভরিয়ে রাখেন স্ক্রিন। তবে আড়াই মিনিটের এই ভিডিওতে যেটা সবচেয়ে বেশি চমকে দিল, তা হলো হৃতিক ও কিয়ারা আডবানির যুগল অ্যাকশন দৃশ্য। ‘সেই চোখ ধাঁধানো মুহূর্তগুলি’ বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে থাকবেন দর্শকরা, এটা বলাই যায়। পাশাপাশি, ট্রেলারে তাঁদের রোম্যান্সের ঝলকও ধরা পড়ে। কোথাও হৃতিক একের পর এক শত্রুকে পরাস্ত করছেন অস্ত্র হাতে, আবার কোথাও তিনি রক্তাক্ত ও ক্ষতবিক্ষত চেহারায় দৃঢ় ভঙ্গিতে হাজির। এমনকি এক জায়গায় তাঁকে দেখা গেল নেকড়ের সঙ্গে হেঁটে আসতে – একেবারে নায়কোচিত ভঙ্গিতে।

প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে প্রথমবার অ্যাকশন লুকে দেখা যাবে কিয়ারা আডবানিকে। ছবিতে হৃতিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা এনটিআর জুনিয়র। যদিও টিজারে তাঁর উপস্থিতি সংক্ষিপ্ত ছিল, তবে ট্রেলারে তিনি সম্পূর্ণ অ্যাকশন মুডে ধরা দিয়েছেন।

‘RRR’ ছবির দারুণ সাফল্যের পর থেকেই ‘নন্দমুরি তারক রামা রাও জুনিয়র’ বলিউড নির্মাতাদের কাছেও বেশ পছন্দের হয়ে উঠেছেন। হিন্দিতেও সাবলীল তিনি। এখন দেখার বিষয়, যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডে হৃতিকের সঙ্গে তাঁর সংঘর্ষ কতটা নজর কাড়ে। “১৪ আগস্ট” হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে “ওয়ার ২”।

উল্লেখ্য, যশরাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্সে এর আগে মুক্তি পেয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’-এর মতো হিট ছবি। ভবিষ্যতে আসছে “ওয়ার ২” ছাড়াও ‘টাইগার ৩’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’।

আরও পড়ুন ::

Back to top button