ফুটবল

সবুজ-মেরুনে সেজে উঠল শহর, আজ ‘মোহনবাগান ডে’-তে প্রাক্তনদের মিলনমেলা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mohun Bagan Day : সবুজ-মেরুনে সেজে উঠল শহর, আজ ‘মোহনবাগান ডে’-তে প্রাক্তনদের মিলনমেলা - West Bengal News 24

আজ ২৯ জুলাই, এক বিশেষ দিন – ‘মোহনবাগান ডে’। সারাবছর ধরেই এই দিনের জন্য মুখিয়ে থাকেন সবুজ-মেরুন সমর্থকরা। এবারের উৎসবে এক আলাদা মাত্রা যোগ করেছে প্রাক্তন সভাপতি টুটু বোসের ‘মোহনবাগান রত্ন’ সম্মানপ্রাপ্তি। আবেগ আর ঐতিহ্যের মেলবন্ধনে এই বছরের ‘মোহনবাগান ডে’ হয়ে উঠেছে আরও স্পেশাল। উৎসবের রেশ শুরু হয়ে গিয়েছিল আগের রাতেই, যা ক্লাবে পা রাখলেই বোঝা গিয়েছিল। চারদিক আলোকসজ্জায় মোড়া। বৃষ্টির মধ্যেও থামেনি উত্সাহের ঝড়। ক্লাব চত্বরজুড়ে চলছিল গান-বাজনা। ক্লাব সচিব সৃঞ্জয় বোস নিজে হাতে বিতরণ করছিলেন ‘মোহনবাগান ডে’-র পাস। ক্লাব তাঁবু ছিল উপচে পড়া ভিড়ে জমজমাট।

মঙ্গলবার সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘মোহনবাগান ডে’-র উদযাপন। সকাল ৯টা থেকে মোহনবাগান লেন থেকে যাত্রা শুরু করে অমর একাদশে মাল্যদান ও মশাল যাত্রা। এই পর্বে উপস্থিত ছিলেন ক্লাব সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত, সহ-সভাপতি কুণাল ঘোষ এবং বিধায়ক অতীন ঘোষ। মশাল নিয়ে র‌্যালি শহরের বিভিন্ন রাস্তা পেরিয়ে এসে পৌঁছবে মোহনবাগান ক্লাবে, যেখানে রাখা থাকবে সেই জ্বলন্ত মশাল। এখান থেকেই বলা যায়, সূচনা হল মূল অনুষ্ঠানের।

দুপুর থেকে একের পর এক নানা আয়োজন: শুরুতে অমর একাদশকে মাল্যদান, এরপর ক্লাব পতাকা উত্তোলন এবং সবশেষে মাঠে প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচ। প্রতি বছরই এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সব প্রাক্তন খেলোয়াড়রা। এই দিনটি যেন হয়ে ওঠে তাঁদের এক বিশাল ‘রি-ইউনিয়ন’, আর সেটিই আরও একবার প্রাণভরে উপভোগ করবেন সবাই।

মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সন্ধ্যায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন সৌরেন্দ্র ও সৌম্যজিত। এরপর পরপর দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার— সেরা ফুটবলার, সেরা স্ট্রাইকার, সেরা ক্রিকেটার, অ্যাথলেট প্রমুখ। তবে সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তটি তখনই আসবে, যখন মঞ্চে উঠবেন প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস, নিতে ‘মোহনবাগান রত্ন’ সম্মান। তাঁকে ঘিরে ইতিমধ্যেই ক্লাবপ্রেমীদের মনে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা- ‘মোহনবাগান রত্ন’ হাতে পেয়ে তিনি ঠিক কী বলবেন সমর্থকদের উদ্দেশে, সেটাই এখন বড় প্রতীক্ষা। আর সন্ধ্যার শেষ ভাগে সুরের আবেশে মঞ্চে উঠবেন ইমন চক্রবর্তী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য