
টানা তিন দফায় রেপো রেট হ্রাসের পর এবার সেই ধারায় বিরতি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার মুদ্রানীতি পর্যালোচনার পর সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেন, ‘সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত অনুযায়ী রেপো রেটে কোনও পরিবর্তন আনা হয়নি।’ এর ফলে রেপো রেট আগের মতোই ৫.৫ শতাংশে থাকছে। ফলে স্বাভাবিকভাবেই হোম বা অটো লোনের ইএমআই কমার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আপাতত পূরণ হচ্ছে না।
গত জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছিল রেপো রেট। এর ফলেই তা এসে দাঁড়ায় ৫.৫ শতাংশে। এর আগের দু’টি বৈঠকে, অর্থাৎ ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে ধাপে ধাপে রেপো রেট কমানো হয়। মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পর কেন্দ্রীয় ব্যাঙ্কের ক্যাশ রিজার্ভ রেট নেমে আসে ৩ শতাংশে। উল্লেখযোগ্য, গত ৪ আগস্ট থেকে আর্থিক নীতি নির্ধারণের জন্য বৈঠকে বসেছিল আরবিআইয়ের ঋণনীতি কমিটি। সেই বৈঠকে অধিকাংশ সদস্য রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে সায় দেন। এরপরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
রিজার্ভ ব্যাঙ্ক জানাচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি ৬.৫ শতাংশে পৌঁছাতে পারে। তবে বৈশ্বিক বাণিজ্যে আমেরিকার শুল্কনীতি ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব অর্থনীতিতে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সঞ্জয় মালহোত্রা বলেন, ‘দেশের আর্থিক গতি অটুট রাখতে রিজার্ভ ব্যাঙ্ক প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।’ পাশাপাশি আমেরিকা-ভারত বাণিজ্য আলোচনার বিষয়েও তাঁর বক্তব্য, ‘এই বিষয়ে আরও স্পষ্টতা না আসা পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক তাড়াহুড়ো করবে না।’



