জাতীয়

ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যোগ হচ্ছে শতাধিক ব্রহ্মস ও ড্রোন, ৬৭,০০০ কোটি টাকার প্রকল্পে সবুজ সংকেত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যোগ হচ্ছে শতাধিক ব্রহ্মস ও ড্রোন, ৬৭,০০০ কোটি টাকার প্রকল্পে সবুজ সংকেত - West Bengal News 24

পাকিস্তান ও চিনকে চাপে ফেলতে আরও শক্তিশালী হচ্ছে ভারত। প্রতিরক্ষাক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় সেনা। শতাধিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পে প্রায় ৬৭,০০০ কোটি টাকা ব্যয়ে চুক্তির জন্য প্রতিরক্ষা মন্ত্রক প্রাথমিক সম্মতি দিয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে হওয়া এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক কী কী অস্ত্র কেনা হবে?

সেই বৈঠকে জানানো হয়েছে, সেনার জন্য ৮৭টি মাঝারি পাল্লার ‘মিডিয়াম অল্টিটিউড লং এনডিওরেন্স (ম্যাল)’ ক্যাটেগরির সশস্ত্র ড্রোন কেনা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই ড্রোনগুলির অন্তত ৬০ শতাংশ উপাদান দেশীয়ভাবে তৈরি করা হবে। বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে এই কাজের দায়িত্বে থাকবে একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি।

মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই ৮৭টি ড্রোন কিনতে ব্যয় হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। পাশাপাশি, আগামী ১০ বছর ধরে এই ড্রোনগুলির রক্ষণাবেক্ষণের জন্য আরও ১১ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছে। এর পাশাপাশি, নতুন করে ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনাও অনুমোদন করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রটি ভারত ও রাশিয়ার যৌথ গবেষণায় তৈরি একটি মারণাস্ত্র। ‘ব্রহ্মস’ নামটি এসেছে ‘ব্রহ্মপুত্র’ ও ‘মস্কোভা’ নদীর সম্মিলন থেকে। এই ক্ষেপণাস্ত্রকে সামরিক ট্রাক, যুদ্ধবিমান, ডুবোজাহাজ এমনকি যুদ্ধজাহাজ থেকেও ছোড়া যায়। ‘পরমাণু অস্ত্র বহন করতেও সক্ষম’ এই অস্ত্রটির গতি শব্দের তুলনায় তিনগুণ বেশি।

স্থলভাগ ও নৌবাহিনীর জন্য ব্যবহৃত ব্রহ্মসের পাল্লা ২৯০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত হলেও, ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণে তা কিছুটা কম। ভারতের প্রতিরক্ষার ভবিষ্যৎ পরিকল্পনায় ব্রহ্মসের আরও উন্নয়ন জরুরি বলে মনে করছে কেন্দ্র। তাই এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ও গতিবৃদ্ধির জন্য পাঁচ ধাপের উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button