রাজ্য

ডিভিসির জলছাড়া নিয়ে রাজ্যের অভিযোগ মেনে নিল কেন্দ্র! তথ্য গোপনের অভিযোগ তুলে সংসদে তৃণমূলের তোপ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ডিভিসির জলছাড়া নিয়ে রাজ্যের অভিযোগ মেনে নিল কেন্দ্র! তথ্য গোপনের অভিযোগ তুলে সংসদে তৃণমূলের তোপ - West Bengal News 24

ডিভিসির জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের করা অভিযোগ এবার কার্যত স্বীকার করে নিল কেন্দ্র। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল সংসদে জানিয়েছেন, ডিভিসি বিপুল পরিমাণ জল ছেড়েছে। তবে এর পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যার জন্য বহুদিন ধরেই ডিভিসির জলছাড়াকে দায়ী করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি দাবি করেছেন, “২০২৩ সালের তুলনায় ৩০ গুণ এবং ২০২৪ সালের তুলনায় ১১ গুণ বেশি জল ছেড়েছে ডিভিসি, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” তার দাবি, বাঁধ, রাস্তা, ফসল এবং মানুষের ঘরবাড়ির বিরাট ক্ষতি হয়েছে। এই দুর্যোগকে তিনি ‘ম্যান মেড বিপর্যয়’ বলেও বর্ণনা করেন।

এই পরিপ্রেক্ষিতেই, রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে একাধিক প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত। তিনি জানতে চান, “১৮ জুন থেকে ডিভিসি কি ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে?” এছাড়া জল ছাড়ার আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছিল কি না, সেই প্রশ্নও করেন তিনি।

উত্তরে মন্ত্রক জানায়, “১৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ডিভিসি ২৭ হাজার ৯৮৭ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে।” অর্থাৎ তৃণমূলের অভিযোগ মেনে নিয়েছে কেন্দ্র। তবে এই জলছাড়া নিয়ে রাজ্যের সঙ্গে কোনও সমন্বয় হয়েছিল কি না, সেই বিষয়ে মন্ত্রীর উত্তর ছিল নীরব। তিনি শুধু বলেন, জলছাড়া নিয়ন্ত্রণ করে ‘দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (ডিভিআরআরসি)’, যেখানে রাজ্য সরকারের একজন প্রতিনিধি থাকেন।

এই উত্তরেই ক্ষুব্ধ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “মাত্র ২৮ দিনেই এই পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। আমরা বলছি জুন থেকে জুলাই মাস পর্যন্ত ডিভিসির জল ছাড়ার পরিমাণ ৫০ হাজার ২৮৭ লক্ষ কিউবিক মিটার। যা ২০২৩ সালের থেকে ৩০ গুণ ও ২০২৪ সালের থেকে ১১ গুণ বেশি। অভাবনীয়। রাজ্যের সঙ্গে আলোচনা করে জল ছাড়া হয়েছে কি না এর উত্তরে হ্যাঁ বা না কিছুই বলেননি। শুধু একই কমিটি রয়েছে বলে জানিয়েছে। দুই মাসে অবাধে জল ছেড়ে বাংলাকে ডোবাতে ডিভিসি ষড়যন্ত্র করছে। ডিভিসিই এই বন্যা ঘটিয়েছে।”

শেষে তিনি আরও হুঁশিয়ারি দেন, “মুখ্যমন্ত্রী পুরোটাই নিজের দায়িত্বে দেখছেন। বন্যা কবলিত এলাকায় ঘুরছেন। বাংলাকে ডোবালে বাংলায় বিজেপির সলিল সমাধি অনিবার্য।”

আরও পড়ুন ::

Back to top button