
এই মাসে নির্ধারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের সময়সূচি পরিবর্তিত হয়েছে। সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আগের নির্ধারিত তারিখের থেকে দু’দিন পর রাজ্যে আসতে পারেন তিনি। যদিও বিজেপি সূত্র এখনো তাঁর সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেনি। দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রীর দুইটি কর্মসূচি থাকার কথা। এর মধ্যে রয়েছে মেট্রো প্রকল্পের একটি অংশের উদ্বোধন এবং একই মাঠে একটি জনসভা করা। প্রধানমন্ত্রী দপ্তরের তথ্যও এই দিকেই ইঙ্গিত দিচ্ছে। তবে সফরের সঠিক দিনক্ষণ এখনো ঘোষণা বাকি।
প্রাথমিক পরিকল্পনা ছিল ২০ আগস্ট প্রধানমন্ত্রীর আসার। পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ আগস্ট আসার সম্ভাবনা রয়েছে—এমনটাই সূত্রের দাবি। যদিও বঙ্গ বিজেপি এখনো এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা করেনি। রাজনৈতিক মহলের মতে, ২১ আগস্ট পর্যন্ত সংসদের অধিবেশন থাকায় সেই সময় দিল্লিতেই ব্যস্ত থাকতে পারেন মোদি। অধিবেশন শেষ হওয়ার পরই রাজ্যে আসার পরিকল্পনা তাঁর। ওই দিনেই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটের উদ্বোধন এবং দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করার কথা।
আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখন থেকেই সক্রিয় প্রচার শুরু করে দিয়েছে। মাত্র দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী দু’বার রাজ্যে সফর করেছেন—একবার আলিপুরদুয়ার এবং আরেকবার দুর্গাপুরে জনসভা করেছেন তিনি। আগামী নির্বাচনে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার আহ্বানও জানিয়েছেন। এ ছাড়া, অমিত শাহ সম্প্রতি বঙ্গ বিজেপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে গিয়েছেন। আর মাস না কাটতেই ফের রাজ্যে আসছেন মোদি, যদিও তাঁর সফরের সঠিক তারিখ এখনো চূড়ান্ত হয়নি।



