নিয়মে বড় পরিবর্তন, কলকাতায় মাত্র ৫০০ স্কোয়ার ফুট জমিতেই গড়া যাবে নিজের বাড়ি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গরিব মানুষের আবাসনের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাড়ি নির্মাণের নিয়মে বড়সড় ছাড়ের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, আগে ছোট আকারের জমিতে বাড়ি বানানোর অনুমতি পাওয়া যেত না।
তাঁর ভাষায়, এখন থেকে ৫০০ স্কোয়ার ফুটের প্লটেও বাড়ি তৈরির অনুমতি মিলবে। কোনও ‘মিনিমাম’ সীমা থাকছে না। প্রয়োজনীয় শর্ত পূরণ করলেই ছাড় পাওয়া যাবে। এতে শহরের বিভিন্ন এলাকা, বিশেষ করে বসতি অঞ্চলের বহু মানুষ উপকৃত হবেন বলে আশা।
বৈঠকের পর সাংবাদিকদের সামনে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস বিস্তারিত জানান। ফিরহাদের মতে, জমির আয়তন অনুযায়ী ছাড় নির্ধারণ করা হবে। দমকলের নিয়মে বড় জমির জন্য যে ছাড় রয়েছে, তা অনুসরণ করা হবে; তবে ছোট জমির জন্য আলাদা ব্যবস্থা থাকবে। রাস্তার প্রস্থও ছাড় দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এছাড়া, আবেদনের জন্য আর বারবার পুরসভার দপ্তরে যেতে হবে না। মন্ত্রীর কথায়, পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। অনলাইনে আবেদন করার পর ভিত্তি নির্মাণের কাজ শুরু করা যাবে এবং পুরসভার পক্ষ থেকে সমীক্ষা চলবে সমান্তরালভাবে। সব প্রক্রিয়া ১৫ দিনের মধ্যেই শেষ হবে বলে জানানো হয়।
পুরমন্ত্রী তথা কলকাতার মেয়রের মতে, এই পদক্ষেপের ফলে বাড়ি তৈরির পথে সাধারণ মানুষ আর জটিলতার মুখে পড়বেন না।



