
অর্জুন তেণ্ডুলকর এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। জানা গিয়েছে, বুধবার একান্ত পরিবেশে “সানিয়া চন্দোক”-এর সঙ্গে বাগদান সারেন শচীনের ছেলে। দুই পরিবারের পক্ষ থেকেই অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শচীনের মেয়ে সারা তেণ্ডুলকরের প্রেমজীবন নিয়ে প্রায়ই আলোচনার ঝড় ওঠে, কিন্তু অর্জুনের ব্যক্তিগত জীবন এতদিন ছিল একেবারেই আড়ালে।
সূত্র অনুযায়ী, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বুধবার অনুষ্ঠানটি সম্পন্ন হয়। “সানিয়া চন্দোক” আসলে মুম্বইয়ের সুপরিচিত ব্যবসায়ী “রবি ঘাই”-এর নাতনি। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবার বেশ পরিচিত নাম। “ইন্টারকন্টিনেন্টাল হোটেল” এবং “ব্রুকলিম ক্রিমারি” নামের আইসক্রিম ব্র্যান্ড তাঁদের মালিকানাধীন। তবে সানিয়া নিজে এই ব্যবসায় যুক্ত কিনা তা এখনো প্রকাশ্যে জানা যায়নি। ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
বাঁ-হাতি পেস বোলার হিসেবে ক্রিকেটে যাত্রা শুরু করেন অর্জুন। ২০২০ সালে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০২২ সালে গোয়া দলে যোগ দিয়ে সেখানেই রনজি খেলেছেন এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক করেছেন। বর্তমানে মিডিয়াম পেসার হিসেবে খেলছেন, যদিও আইপিএলে “মুম্বই ইন্ডিয়ান্স”-এর সদস্য হলেও প্রথম একাদশে নিয়মিত সুযোগ পান না।
প্রসঙ্গত, বিশ্বের সেরা ব্যাটারের তকমা বহু বছর ধরে শচীনের দখলে ছিল। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি থেকে শুরু করে ২০০ টেস্ট অসংখ্য রেকর্ডে ভরপুর তাঁর ক্যারিয়ার। ক্রিকেটের দুনিয়ায় ‘ঈশ্বর’ উপাধি পেয়েছেন তিনি। তবে ক্রিকেটে এখনও নিজের পরিচয় পাকা করতে পারেননি অর্জুন। মুম্বই রনজি দলে সুযোগ না পেলেও, মাঠের বাইরের এই বড় পদক্ষেপে শুরু হতে চলেছে তাঁর জীবনের এক নতুন ইনিংস।



