টলিউড

কলেজ ক্যাম্পাস রাজনীতি নিয়ে রাজ চক্রবর্তীর নতুন ছবি, চমকে দেবে শাশ্বত-সহ নতুন মুখ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কলেজ ক্যাম্পাস রাজনীতি নিয়ে রাজ চক্রবর্তীর নতুন ছবি, চমকে দেবে শাশ্বত-সহ নতুন মুখ - West Bengal News 24

রাজ চক্রবর্তী ফের নিয়ে আসছেন নতুন এক সিনেমা, যেখানে কলেজ ক্যাম্পাস রাজনীতি থাকবে মূল বিষয়বস্তু। চেনা অভিনেতাদের পাশাপাশি থাকছে নতুন মুখও, আর কাস্টিংয়েই রয়েছে চমক—পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

পরিচালক হিসেবে রাজ বরাবরই ভিন্ন ধারার ছবি বানানোর চেষ্টা করেছেন। একেবারে শুরুতেই তিনি উপহার দিয়েছিলেন স্টার ছাড়া ছবি— “চিরদিনই তুমি যে আমার”। আবার দেব ও জিৎকে নিয়ে বানিয়েছেন “দুই পৃথিবী”, উত্তর কলকাতার অলিগলিতে দেবকে হাজির করেছিলেন “লে ছক্কা”-য়। আর “প্রলয়”-এর মাধ্যমে দর্শককে চমকে দিয়েছিলেন তিনি। তাই যখন তাঁর সোশ্যাল মিডিয়ায় একঝাঁক নতুন শিল্পীকে মহড়া দিতে দেখা গেল, তখনই ইঙ্গিত মেলে এবারও তরুণদের প্রাধান্য পাচ্ছে তাঁর কাজে।

নতুন ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে। কিছুদিন আগে খবর ছড়িয়েছিল, এই প্রজেক্টে যুক্ত হচ্ছেন অভিনেতা-সঞ্চালক রোহন ভট্টাচার্য। ভিডিও সূত্রে জানা যাচ্ছে, কাস্টিং লিস্টে রয়েছেন ওম, জন ভট্টাচার্য (খাদান), ‘তালমার রোমিও জুলিয়েট’ খ্যাত দেবদত্ত রাহা, শ্রেয়া ভট্টাচার্য সহ আরও অনেকে। তবে এখনই ছবির গল্প বা চরিত্র নিয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।

শোনা যাচ্ছে, বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে রাজের এই ছবি। কলেজ মানেই শুধু র‌্যাগিং নয়, ছাত্রছাত্রীদের উপর রাজনৈতিক চাপ কেমন প্রভাব ফেলে, সেই সঙ্গে কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনারও উল্লেখ থাকতে পারে কাহিনিতে। পরিচালকের আগের কাজের ধারা দেখলে বোঝা যায়, এই ধরনের সাহসী বিষয় তিনি সবসময়ই তুলে ধরতে পিছপা হননি। পাশাপাশি কানাঘুষো শোনা যাচ্ছে, রাজ শীঘ্রই “প্রলয়”-এর সিক্যুয়েল নিয়েও ভাবছেন, যা সম্ভবত বছরের শেষে শুরু হবে।

আরও পড়ুন ::

Back to top button