
ভালোবাসার রঙ যেমন লাল, তেমনি বিপদেরও। তবে রঙ এক হলেও অর্থে রয়েছে বিস্তর ফারাক। সম্পর্কের শুরুতে অনেক কিছুই ভালোবাসার মোড়কে সুন্দর মনে হলেও সময়ের সাথে সাথে উন্মোচিত হয় আসল চেহারা। তখনই চোখে পড়ে কিছু ‘রেড ফ্ল্যাগ’ বা লাল সংকেত—যা মূলত একটি বিষাক্ত সম্পর্কের পূর্বাভাস দেয়।
অথচ আমরা অনেক সময় এসব সংকেত বুঝেও না বোঝার ভান করি। পরিণতিতে মানসিক ভাঙচুর, আত্মবিশ্বাসের অভাব এবং চরম বিষণ্ণতা। তাই সম্পর্কের শুরুতেই সাবধান হোন। দেখে নিন এমন ৮ টি রেড ফ্ল্যাগ, যা দেখলেই সম্পর্কের ব্যাপারে দ্বিতীয়বার ভাবা উচিত।
১. অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা : আপনার কী করা উচিত, কার সঙ্গে কথা বলবেন, কোথায় যাবেন সবকিছুতেই যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সেটা ভালোবাসা নয়, এক ধরনের অধিকারবোধ। সুস্থ সম্পর্কের ভিত্তি স্বাধীনতা ও পারস্পরিক সম্মান।
২. অবিশ্বাস : ভালোবাসা মানেই বিশ্বাস। কিন্তু যদি সঙ্গী প্রতিনিয়ত সন্দেহ করে, ফোন চেক করে কিংবা আপনার কথার সত্যতা নিয়ে প্রশ্ন তোলে, তবে সেটি একটি বড় রেড ফ্ল্যাগ।
আরও পড়ুন :: প্রথম দেখায় কী করবেন, কী করবেন না
৩. মানসিক বা শারীরিক নির্যাতন : যেকোনো ধরনের শারীরিক আঘাত তো বটেই, অবজ্ঞা, অপমান, মানসিক চাপও সম্পর্কের মারাত্মক বিপদ সংকেত।
৪. গ্যাসলাইটিং : বারবার এমন পরিস্থিতি তৈরি করা, যাতে আপনি নিজেই নিজের বিচারক্ষমতা নিয়ে সন্দেহে পড়ে যান এটি একটি চতুর কিন্তু ভয়ংকর মানসিক নির্যাতন।
৫. অতিরিক্ত ঈর্ষা : বন্ধুবান্ধব, সহকর্মীদের সঙ্গে সময় কাটানো বা কারও সঙ্গে খোলামেলা কথা বললেই যদি সঙ্গী অসহিষ্ণু হয়ে ওঠে, তবে বুঝবেন সমস্যা রয়েছে।
৬. সার্বক্ষণিক সমালোচনা : গঠনমূলক সমালোচনা যেখানে উন্নতির চাবিকাঠি, সেখানে প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য কিংবা ছোট করে কথা বলার প্রবণতা আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়।
৭. আলোচনায় অনীহা : কোনো সমস্যা হলে তা নিয়ে বসে সমাধানের বদলে এড়িয়ে যাওয়া, ঠাট্টা করা কিংবা রেগে ওঠা এসব আচরণ সম্পর্কের ভবিষ্যৎকে সংকটে ফেলে।
৮. আপসে অনিচ্ছা : সম্পর্ক মানেই একে অপরের চাওয়া-পাওয়ার সমন্বয়। কিন্তু যদি সব সময় আপনাকেই ছাড় দিতে হয়, তাহলে সেই সম্পর্ক ভারসাম্যহীন।



