বৈষ্ণোদেবী যাত্রায় বিপর্যয়: ভূমিধসে ৬ পুণ্যার্থীর মৃত্যু, স্থগিত তীর্থযাত্রা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

জম্মু ও কাশ্মীরে টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। বৈষ্ণোদেবীর পথে ধসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৬ পুণ্যার্থীর, আহত হয়েছেন আরও ১৪ জন। এর পরই প্রশাসনের পক্ষ থেকে যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে পাহাড়ি ধস নামে। আচমকা পাথর ও বোল্ডার নেমে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তীর্থযাত্রীদের মধ্যে। হুড়োহুড়ির মাঝেই কয়েকজন চাপা পড়ে মারা যান। বৈষ্ণোদেবী কর্তৃপক্ষও এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই ঘটনার খবর নিশ্চিত করেছে।
অন্যদিকে, কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান ও কিস্তওয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। ডোডায় মেঘভাঙা বৃষ্টি নামায় দেখা দেয় হড়পা বান। এতে অন্তত ১০টি বাড়ি ভেসে যায়, মারা গিয়েছেন আরও ৪ জন এবং অনেক মানুষ নিখোঁজ। তাউই নদীর জল বিপজ্জনক মাত্রায় ফুলে উঠেছে বলে জানিয়েছে প্রশাসন।
জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধসের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে। ডোডা জেলার বহু গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। বিপদ এড়াতে ধসপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। শুধু ডোডাতেই নয়, কাঠুয়াতেও ভয়াবহ অবস্থা—শেষ ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছে ১৫৫.৬ মিমি, ডোডার ভাদেরওয়ায় ৯৯.৮ মিমি এবং জম্মুতে ৮১.৫ মিমি।



