রাজ্য

কমনওয়েলথে জোড়া সোনা! বিশ্বরেকর্ডে ইতিহাস গড়ল বাংলার কোয়েল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কমনওয়েলথে জোড়া সোনা! বিশ্বরেকর্ডে ইতিহাস গড়ল বাংলার কোয়েল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - West Bengal News 24

কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে নজির গড়লেন বাংলার কন্যা কোয়েল বর। মঙ্গলবার রাতে মেয়েদের ৫৩ কেজি বিভাগে বিশ্বরেকর্ডের সঙ্গে একসঙ্গে দুটি সোনা জয় করেছেন তিনি। ইয়ুথ ও জুনিয়র— দুই বিভাগেই স্বর্ণপদক নিজের ঝুলিতে ভরলেন এই কিশোরী ভারোত্তোলক। এমনকি সিনিয়র ক্যাটেগরির রানারের চেয়েও বেশি ওজন তুলেছেন কোয়েল। তাঁর এই গৌরবের সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

গুজরাটে এ বছর অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলার দুই প্রতিযোগী দেশকে সাফল্য এনে দিলেন। ছেলেদের ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছেন অনীক মোদি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৩৮ কেজি ওজন তুলেছেন তিনি। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়লেন কোয়েল বর।

মাত্র ১৭ বছর বয়সেই তিনি লিখলেন নতুন ইতিহাস। মঙ্গলবার রাতেই কোয়েলের ঝুলিতে এলো জোড়া সোনা। শুধু তাই নয়, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৯২ কেজি ওজন তুলে গড়লেন ইউথ ক্যাটেগরির বিশ্বরেকর্ড, যা আগে কোনও প্রতিযোগী করতে পারেননি। ক্লিন অ্যান্ড জার্কে একাই ১০৭ কেজি ওজন তুলেছেন কোয়েল, এটিও বিশ্বরেকর্ড। জুনিয়র বিভাগের ক্ষেত্রেও তৈরি করেছেন নতুন রেকর্ড।

‘বাংলার মেয়ে’র এই অভূতপূর্ব কৃতিত্বে খুশি মুখ্যমন্ত্রী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার বাসিন্দা কোয়েল বর আহমদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ‍্যাটট্রিক করে জোড়া সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।’ কোয়েল যেন আগামী দিনে আরও বড় সাফল্য পান, সেই কামনাও করেছেন তিনি।

হাওড়ার বাসিন্দা কোয়েলের বাবা পেশায় মাংস বিক্রেতা। কঠিন পরিস্থিতি সামলেই মেয়েকে এগিয়ে দিয়েছেন ভারোত্তোলনের স্বপ্নপথে। সূত্রের খবর, শীঘ্রই কোয়েলকে বড়সড় সংবর্ধনা দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য