কলকাতা

টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো বন্ধ, বাড়ছে যাত্রীদের দুশ্চিন্তা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো বন্ধ, বাড়ছে যাত্রীদের দুশ্চিন্তা - West Bengal News 24

ব্লু লাইনের যাত্রীদের জন্য বড় ধাক্কা। আসন্ন রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা একেবারেই বন্ধ থাকবে। ফলে সপ্তাহান্তে যাত্রীদের মারাত্মক ভোগান্তি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কলকাতা মেট্রোর পক্ষ থেকে বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ৩০ আগস্ট শনিবার রাত ১১টা থেকে ৩১ আগস্ট রবিবার দুপুর ৩টে পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর জেরে বন্ধ থাকবে ওই অংশের পরিষেবা। রবিবার বিকেল ৪টা থেকে ফের মেট্রো চালু হবে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ড-এর পরীক্ষা উপলক্ষে বিশেষ মেট্রো চালানো হবে। ওইদিন সকাল ৭টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি করে ট্রেন চলবে। এছাড়া গ্রিন লাইনে সাধারণত সকাল ৯টায় পরিষেবা শুরু হলেও সেদিন সকাল ৮টা থেকেই মেট্রো পাওয়া যাবে।

উল্লেখযোগ্যভাবে, মেট্রোতে বিভ্রাট এখন নিত্যদিনের ঘটনা। কখনও টানেলে জল জমে সমস্যা, কখনও বা প্রযুক্তিগত ত্রুটির কারণে বিলম্বিত হচ্ছে ট্রেন। অনেক সময় নির্ধারিত সময়ের থেকে বেশ দেরিতে মেট্রো আসছে, আবার দরজা খোলা অবস্থায় একাধিক স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছে ট্রেন। এতে যাত্রীদের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে।

বর্তমানে কবি সুভাষ স্টেশন রক্ষণাবেক্ষণের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর ফলে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চললেও অনেক সময়ে কাটছাঁট করে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত সীমাবদ্ধ রাখা হচ্ছে পরিষেবা। শহিদ ক্ষুদিরামের মতো প্রান্তিক এলাকার যাত্রীরা তাই নিয়মিত সমস্যায় পড়ছেন। তার মধ্যে আবার রবিবার দীর্ঘ সময় পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তে পুজোর মরশুমে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য