ওয়ানডে কেরিয়ার কি ঝুঁকির মুখে? এবার ‘ব্রঙ্কো’ টেস্ট দিতে হবে রোহিত শর্মাকে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক ফিটনেস পরীক্ষা চালু করেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। ‘ইয়ো ইয়ো টেস্ট’ থেকে শুরু করে ‘ব্রঙ্কো টেস্ট’—সবকিছুই এখন বাধ্যতামূলক। আর সেই পরীক্ষার তালিকায় এবার নাম উঠল ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার। ফলে জল্পনা তৈরি হয়েছে, তবে কি তাঁর ওয়ানডে ক্যারিয়ার বিপদে পড়তে চলেছে?
জানা যাচ্ছে, আগামী ৩০ ও ৩১ আগস্ট বেঙ্গালুরুর নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (সেন্টার অফ এক্সেলেন্স) অনুষ্ঠিত হবে একাধিক ফিটনেস টেস্ট। শুধু রোহিত নন, কেএল রাহুলকেও হাজির হতে বলা হয়েছে। কারণ, অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ওয়ানডে সিরিজ রয়েছে, যেখানে রোহিত ও বিরাট কোহলি খেলবেন। সেই সিরিজকে সামনে রেখেই ক্রিকেটারদের ‘ইয়ো ইয়ো’, ‘ডেক্সা স্ক্যান’ এবং ‘ব্রঙ্কো টেস্ট’-এর মতো পরীক্ষা নেওয়া হবে। ইংল্যান্ড সিরিজের আগেও একইভাবে এই ধরণের টেস্ট করা হয়েছিল।
ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো-র সুপারিশেই এবার বাধ্যতামূলক করা হয়েছে ‘ব্রঙ্কো টেস্ট’। মূলত রাগবি খেলায় ব্যবহৃত এই পরীক্ষা একজন ক্রীড়াবিদের অ্যারোবিক সক্ষমতা এবং হৃদ্যন্ত্রের কর্মক্ষমতা যাচাই করতে সহায়তা করে। নিয়ম অনুযায়ী, ১২০০ মিটার দৌড় ৬ মিনিটের মধ্যে শেষ করতে হবে। ইতিমধ্যেই সেন্টার অফ এক্সেলেন্সে বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার এই টেস্ট সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
গত জুন থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন আদ্রিয়ান। তার পরপরই ইংল্যান্ড সফরে গিয়ে একাধিক ক্রিকেটার—বিশেষ করে পেসাররা—চোট সমস্যায় ভোগেন। সেই অভিজ্ঞতার পর কেবল জিম-কেন্দ্রিক অনুশীলনের বদলে মাঠভিত্তিক ফিটনেস টেস্টের ওপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিশেষজ্ঞদের মতে, ‘ব্রঙ্কো টেস্ট’ অনেকাংশেই ‘ইয়ো ইয়ো টেস্ট’-এর চেয়ে বেশি কঠিন এবং কড়া চ্যালেঞ্জের।



