প্রযুক্তি

ফের বড়সড় চমক রিলায়েন্সের! কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এ বার নতুন উদ্যোগের পথে মুকেশ আম্বানি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ফের বড়সড় চমক রিলায়েন্সের! কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এ বার নতুন উদ্যোগের পথে মুকেশ আম্বানি - West Bengal News 24

কয়েক বছর আগে জিওর হাত ধরে ভারতের প্রযুক্তি জগতে কার্যত ‘বিপ্লব’ ঘটেছিল। এবার সেই পথ ধরে এআইকে সামনে রেখে আসর বসালেন রিলায়েন্স কর্ণধার। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় তিনি নতুন একটি সংস্থা গঠনের কথা ঘোষণা করেন। মূল উদ্দেশ্য, ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তার অঙ্গনে বিশ্বসেরার আসনে পৌঁছে দেওয়া।

এদিন মুকেশ আম্বানি বলেন, “অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, আমরা রিলায়েন্সের একটি নতুন সংস্থা আনছি, যার নাম রিলায়েন্স ইন্টেলিজেন্স। এই নয়া সংস্থার চারটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। যার অন্যতম ভারতের নতুন প্রজন্মের এআই পরিকাঠামো তৈরি করা।” তাঁর কথায়, শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে মিলিত হয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান। পাশাপাশি সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজে ব্যবহারযোগ্য এআই সলিউশনসও আনবে। সব মিলিয়ে রিলায়েন্স ইন্টেলিজেন্স হয়ে উঠবে বিশ্বমানের গবেষক, প্রকৌশলী ও ডিজাইনারদের কেন্দ্র। একই মঞ্চে গুগলের সঙ্গে গভীর এআই অংশীদারিত্বেরও কথা জানান তিনি।

উল্লেখ্য, গোটা বিশ্বের মতো ভারতেও এআই দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সম্প্রতি প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন, “এআই লক্ষ লক্ষ জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং আরও বহু ক্ষেত্রে। এআইকে হতে হবে জনমুখী অ্যাপ্লিকেশন। কিন্তু আমাদের সজাগ থাকা দরকার সাইবার সুরক্ষা, ভুয়ো তথ্য এবং ডিপ ফেক সম্পর্কে।” অন্যদিকে, ২০২৪ সালে পদার্থবিদ্যায় নোবেল জয়ী জন হোপফিল্ড মত দিয়েছিলেন যে প্রযুক্তি একমুখীভাবে ভালো বা খারাপের দিকে এগোয় না।

সব মিলিয়ে, এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে মুকেশ আম্বানির নতুন ঘোষণা দেশের প্রযুক্তি জগতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

আরও পড়ুন ::

Back to top button