
অবশেষে নতুন সভাপতি পেল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার রাজীব শুক্লর নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে। জুলাইতেই রজার বিনির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কারণ তিনি ৭০ বছরে পৌঁছেছেন। লোধা কমিশনের নিয়ম অনুযায়ী, ৭০ বছরের বেশি হলে আর বোর্ডের কোনও প্রশাসনিক পদে থাকা যায় না।
আগেই জল্পনা ছিল, বিনির বিদায়ের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন রাজীব। বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল বুধবার বৈঠকে বসার পরই সেই সিদ্ধান্ত কার্যকর হয়। বোর্ডের সংবিধান অনুযায়ী, সেপ্টেম্বরেই সাধারণত নির্বাচন হয়ে থাকে। তবে নতুন ক্রীড়া আইন কার্যকর হওয়ার পর থেকে কবে নির্বাচন হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই কারণে আপাতত রাজীব শুক্লই সভাপতির আসনে থাকবেন পরবর্তী নির্বাচন পর্যন্ত।
ক্রীড়া বিল আইনে পরিণত হলেও নিয়মাবলী এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। ক্রীড়ামন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, তারা চাইছে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন শেষ হোক। তবে যদি নতুন নিয়ম ততদিনে চূড়ান্ত না হয়, তাহলে লোধা আইন মেনেই ভোট হতে পারে। আর নিয়ম নির্দিষ্ট হলে আবার নতুন করে নির্বাচন করতে হবে। অনেকের ধারণা, সেই কারণে ভোট কিছুটা পিছিয়ে যেতে পারে, নিয়ম অনুযায়ী তিন মাস পর্যন্ত পিছনো সম্ভব।
রাজীব শুক্ল দায়িত্ব নিতেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর সামনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাতীয় দলের প্রধান স্পনসর নির্ধারণ করা। ‘বেআইনি’ ঘোষণা হওয়ার পর ড্রিম ১১ প্রধান স্পনসরের জায়গা ছাড়তে বাধ্য হয়েছে। ফলে এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়া নতুন স্পনসর পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে বোর্ডের পক্ষ থেকে জানা গিয়েছে, তাড়াহুড়ো করে স্বল্পমেয়াদি চুক্তিতে তারা আগ্রহী নয়। বরং অন্তত আড়াই বছরের দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতেই নতুন স্পনসরের খোঁজ চলছে।



