রাজ্য

সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবারই ‘দাগি’দের তালিকা প্রকাশ করবে এসএসসি, আদালতের সাফ কথা ‘পরীক্ষা হবেই’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবারই ‘দাগি’দের তালিকা প্রকাশ করবে এসএসসি, আদালতের সাফ কথা ‘পরীক্ষা হবেই’ - West Bengal News 24

সর্বোচ্চ আদালতের রায়ে আসছে বড় পদক্ষেপ। শনিবারের মধ্যেই ‘দাগি’ প্রার্থীদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এ বিষয়ে নির্দেশ দিয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে উপস্থিত থেকে এসএসসির পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট সময়েই ‘দাগি’দের তালিকা সামনে আনা হবে।

২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ায় অন্তত ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন। আদালতের নির্দেশে আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন পরীক্ষা আয়োজন করতে হবে। সেই অনুযায়ী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে ‘যোগ্য’ প্রার্থীদের দাবি ছিল, কোনওভাবেই একজন ‘অযোগ্য’কেও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া উচিত নয়। বৃহস্পতিবার সেই দাবির প্রতি কার্যত সায় দিয়ে আদালত ‘দাগি’দের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে আশ্বস্ত করেন, কেউ ‘দাগি’ হলেও তাঁর হাতে অ্যাডমিট কার্ড যায়নি। বিচারপতির বেঞ্চও নির্দেশ দিয়েছে যাতে একজনও ‘দাগি’ পরীক্ষায় অংশ নিতে না পারেন।

শুক্রবারের শুনানিতে ‘যোগ্য’ প্রার্থীদের একাংশ প্রশ্ন তোলেন—যদি ‘দাগি’দের আলাদা করে চিহ্নিত করা হচ্ছে, তবে তাঁদের নতুন করে পরীক্ষা দেওয়ার প্রয়োজন কী? কিন্তু আদালত তাঁদের দাবি খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়, ‘পরীক্ষা হবেই’। সফল হলে তবেই ফের নিয়োগের পথ খুলবে।

এই রায়ে নতুন করে অনিশ্চয়তায় পড়েছেন বহু চাকরিহীন প্রার্থী। কারণ শুরু থেকেই তাঁরা পুনঃপরীক্ষার বিরোধিতা করেছেন। অনেকেই পরীক্ষায় বসতে রাজি নন বলেই ফর্মও পূরণ করেননি। ফলে তাঁদের ভবিষ্যৎ এখনও অন্ধকারে।

আরও পড়ুন ::

Back to top button