রাজনীতিরাজ্য

‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কর্মসূচি ঘিরে বিক্ষোভের মুখে কাঞ্চন মল্লিক, কী জবাব দিলেন বিধায়ক?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kanchan Mullick : ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কর্মসূচি ঘিরে বিক্ষোভের মুখে কাঞ্চন মল্লিক, কী জবাব দিলেন বিধায়ক? - West Bengal News 24

নিজ এলাকার সরকারি পরিষেবা প্রকল্প পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। শনিবার উত্তরপাড়ায় তাঁকে ঘিরে নানা স্লোগান দেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ— বিধায়ককে এলাকায় পাওয়া যায় না, নাগরিক সুবিধারও যথাযথ ব্যবস্থা নেই। তবে কাঞ্চন নিজেকে সমর্থন জানিয়ে জানান, ”কার কার অনুষ্ঠানে কবে কবে উপস্থিত ছিলাম, সেসব ছবি পারলে গোল করে মার্ক করে দেব।” যদিও আগামী বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার প্রার্থী হিসেবে তিনি থাকবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্তের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে বুথভিত্তিক পরিষেবা প্রদানের লক্ষ্যেই চলছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প। প্রতিটি তিনটি বুথ মিলিয়ে স্থানীয় সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্পে কাউন্সিলর ও বিধায়কদের সক্রিয় ভূমিকা থাকার কথা। সেই সূত্রেই শনিবার উত্তরপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে যান কাঞ্চন মল্লিক। সেখানেই তাঁকে লক্ষ্য করে শোনা যায়, ‘আমাদের পাড়া, তৃণমূল তাড়া’, ‘আমাদের পাড়া, আগে আমাদের রাস্তা সারা’— এমন স্লোগান। এলাকার ভাঙাচোরা রাস্তা নিয়ে বহু অভিযোগ তোলেন স্থানীয়রা। পাশাপাশি অভিযোগ ওঠে, কাঞ্চন দলীয় কর্মসূচির চেয়ে শুটিংয়ে বেশি ব্যস্ত থাকেন। এমনকি জেলা নেতৃত্বের একাংশও একই ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন।

বিক্ষোভের মধ্যে দাঁড়িয়েই কাঞ্চন বলেন, ”হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, ঠিক সব নেতা ও কর্মী এক নয়। যেদিন উত্তরপাড়া থেকে বিদায় নেব, সেদিন বিদায় সম্ভাষণে উত্তরপাড়ার মানুষের সম্পর্কে অভিজ্ঞতা বলে দিয়ে যাব।” আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না জানতে চাইলে উত্তর আসে, ”তা আমি জানি না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমি এসেছিলাম। তাঁর আহ্বান এলেই চলে যাব।” প্রকল্পের কাজ নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ”পাড়ায় সমাধানে মানুষ তাঁদের সমস্যা নিয়ে আসছেন। তাঁরাই ঠিক করছেন, কোন কাজটা আগে করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজ হবে।”

আরও পড়ুন ::

Back to top button