কলকাতা

উত্তর মেরু জয়! তুষার ম্যারাথনে ইতিহাস লিখলেন কলকাতার রামগোপাল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

উত্তর মেরু জয়! তুষার ম্যারাথনে ইতিহাস লিখলেন কলকাতার রামগোপাল - West Bengal News 24

উত্তর মেরুতে ভারতের সাফল্যের নতুন দিগন্ত! কলকাতার রামগোপালের হাত ধরে বিশ্বদরবারে উড়ল তেরঙ্গা। সাদা বরফে ঢাকা প্রান্তর, চারদিকে জমাট তুষারের আস্তরণ, হাড় কাঁপানো মাইনাস আট ডিগ্রি তাপমাত্রা আর ঝোড়ো হাওয়া—এই পরিস্থিতিতেই ইতিহাস গড়লেন তিনি।

৯০ ডিগ্রি নর্থ পয়েন্টে আয়োজিত ৪২ কিমির তুষার ম্যারাথনে প্রথম ভারতীয় হিসেবে ফিনিশ করলেন রামগোপাল কোঠারি। মধ্য কলকাতার বড়বাজারের এই বিমা কর্মী পৃথিবীর শীর্ষে দাঁড়িয়ে লিখলেন এক অনন্য কীর্তি। তবে এই দৌড় কোনও সহজ যাত্রা ছিল না। ভাসমান বরফের ওপর দৌড়ানো মানেই প্রতিটি পদক্ষেপে মৃত্যু-ভয়। তিন মিটার নিচেই উত্তাল সমুদ্র। শুরু করার কিছুক্ষণের মধ্যেই জুতোর ভেতর জমে যায় বরফজল, পায়ে টান ধরতে থাকে। রামগোপালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, “২৮ কিলোমিটার পেরোনোর পর শরীর আর মানতে চাইছিল না।”

তবু থামেননি তিনি। টানা আট ঘণ্টারও বেশি সময় ধরে প্রকৃতির ভয়াবহ প্রতিকূলতার সঙ্গে চলতে থাকে লড়াই। অবশেষে ১৩ জুলাই ফিনিশিং লাইনের ফিতে ছুঁয়ে বিজয়ী হয়ে ওঠেন তিনি। কোঠারি স্মৃতিচারণে বলেন, “প্রথমার্ধ ২ ঘণ্টা ৪৫ মিনিটে শেষ করেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পেশিতে টান আর খিঁচুনি। একটা সময় নিজের সঙ্গে নিজের লড়াই ছিল আমার কাছে একমাত্র চ্যালেঞ্জ।”

শুধু উত্তর মেরুই নয়, পৃথিবীর নানা প্রান্তে অভিযান চালিয়েছেন রামগোপাল। অ্যান্টার্কটিকার ভয়াবহ ঝড়ে টিকে থাকা, গ্রিনল্যান্ডের ইগলুতে রাত কাটানো, স্বোয়ালবার্ডে মেরু রাত দেখা, এমনকি তিমি আর মেরুভালুকের মুখোমুখি হওয়া—প্রতিটি অভিজ্ঞতাই তাঁর জীবনের আলাদা শিক্ষা। তাঁর কথায়, “বাঁচা মানে শুধু টিকে থাকা নয়। বাঁচা মানে হাল না ছাড়া।”

এখনও পর্যন্ত ৭১টি দেশ ঘুরেছেন তিনি। লক্ষ্য ২০২৭-এর মধ্যে ১০০ দেশে পা রাখা। স্বপ্ন আছে সাত মহাদেশে সাতটি ম্যারাথন সম্পূর্ণ করা এবং প্রতিটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার।

আরও পড়ুন ::

Back to top button