‘গ্রিক গড’-এর অধ্যায় শেষ! ডুরান্ডের পরেই দিয়ামান্তাকোসকে বিদায় জানাল ইস্টবেঙ্গল
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ডুরান্ড কাপ শেষ হতেই ইস্টবেঙ্গলের বড় ঘোষণা। গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে আর দলে রাখল না লাল-হলুদ শিবির। ক্লাবের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় বিদায়ী বার্তা প্রকাশ করে দিমিকে ধন্যবাদ জানানো হয়েছে। সেখানে স্পষ্ট করা হয়েছে, সিদ্ধান্তটি দু’পক্ষের পারস্পরিক সম্মতিতেই নেওয়া হয়েছে। গত মরশুমে কেরালা ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন দিয়ামান্তাকোস। তবে প্রত্যাশিত সাফল্য পাননি তিনি।
২০২৩ মৌসুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই স্ট্রাইকার। ১৭ ম্যাচে করেছিলেন ১৩ গোল। আইএসএলের সর্বোচ্চ গোলদাতার মুকুটও জেতেন তিনি। এরপরই দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে নাম লেখান। সেই সময়ে দলের কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রাত। কিন্তু কেরালায় পাওয়া সাফল্যের ধারেকাছেও পৌঁছতে পারেননি লাল-হলুদ জার্সিতে। সব টুর্নামেন্ট মিলিয়ে ৩২ ম্যাচে তাঁর গোল মাত্র ১২টি। একের পর এক সহজ সুযোগ নষ্ট করায় সমর্থকদের তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।
যদিও ডুরান্ড কাপে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন দিমিত্রি। বিশেষ করে ডার্বিতে দুটি গোল করে দলের নায়ক হয়ে উঠেছিলেন। কিন্তু সেই নায়কত্ব স্থায়ী হয়নি। ডুরান্ড সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। আর তার পরই ইস্টবেঙ্গল শিবির থেকে আসে ‘গ্রিক গড’-এর বিদায়ের ঘোষণা। ক্লাবের তরফে বার্তায় লেখা হয়েছে, ‘দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ও ইস্টবেঙ্গল উভয়পক্ষের সম্মতিক্রমে সম্পর্ক ছিন্ন করছে। ক্লাবে তাঁর অবদানের জন্য দিমিকে ধন্যবাদ জানাই।’



