
২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী সপ্তাহে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তৃতীয় সেমেস্টার বা পার্ট ওয়ানের পরীক্ষা, যা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
সংসদের নিয়ম অনুযায়ী, প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১১টা ১৫ মিনিটে। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে শেষ হবে ১০টা ৪৫ মিনিটে। এবারের পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪৩.৯৭ শতাংশ এবং ছাত্রীর সংখ্যা ৫৬.০৩ শতাংশ। অর্থাৎ মেয়েদের অংশগ্রহণ এবার ছেলেদের তুলনায় বেশি।
শৃঙ্খলা বজায় রাখতে সংসদের তরফে বিশেষ কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কক্ষে পরীক্ষক থাকবেন ২০:১ অনুপাতে। পাশাপাশি প্রতিটি পরীক্ষাকেন্দ্রের মূল ফটক ও ভেন্যু সুপারভাইজারের ঘরে বসানো থাকবে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ।
উল্লেখ্য, ২০২৫ সালেই শেষবার বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে। মোট চারটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়ারাই প্রথমবার এই ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে যারা উচ্চমাধ্যমিক পাশ করবে, তাদের পার্ট ওয়ান পরীক্ষা শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর থেকে। আর পার্ট টু পরীক্ষা হবে আগামী মার্চ মাসে।



