কলকাতা

পুজোর মুখে দুঃসংবাদ, বুধবার থেকে বন্ধ হচ্ছে ব্লু লাইনের রাতের শেষ মেট্রো

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kolkata Metro : পুজোর মুখে দুঃসংবাদ, বুধবার থেকে বন্ধ হচ্ছে ব্লু লাইনের রাতের শেষ মেট্রো - West Bengal News 24

পুজোর আগে বড় দুঃসংবাদ ব্লু লাইন যাত্রীদের জন্য। বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে শেষ মেট্রো। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে নতুন রুটে মেট্রো চালু হলেও যাত্রী চাপও দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতেই ব্লু লাইনে রাতের শেষ মেট্রো আর পাওয়া যাবে না। বুধবার থেকে রাত ১০টা ৪০ মিনিটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। দুর্গাপুজোর মুখে এই সিদ্ধান্তে সমস্যায় পড়বেন বহু যাত্রী, যাঁরা রাতের মেট্রোর উপর নির্ভরশীল।

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে রাতের শেষ মেট্রো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে রাত ১০টা ৪০-এর মেট্রো চালানো হচ্ছিল। দমদম পর্যন্ত চলা এই পরিষেবা আপাতত বন্ধ করা হল।

তবে বিকল্প হিসেবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রাত ৯টা ২৮ মিনিটে শেষ মেট্রো পাওয়া যাবে। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৪ মিনিটে।

এই সময়ে যাত্রী সংখ্যা রেকর্ড ছুঁয়েছে কলকাতা মেট্রোতে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার একদিনেই মেট্রোর সব করিডর মিলিয়ে ৮ লক্ষেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন। শুধু ব্লু লাইনেই যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৫.৮৪ লক্ষ। গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ–হাওড়া ময়দান) ব্যবহার করেছেন প্রায় ২ লক্ষ যাত্রী। এছাড়াও ইয়োলো লাইনে ৭০০০, ওরেঞ্জ লাইনে ৫৫০০ এবং পার্পেল লাইনে ৬৭০০ যাত্রী ভ্রমণ করেছেন।

অতএব, একদিকে যখন যাত্রী চাপ লাগাতার বেড়ে চলেছে, সেখানে শেষ মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ক্ষোভ তৈরি হওয়াটা স্বাভাবিক।

আরও পড়ুন ::

Back to top button