ক্রিকেট

পাঞ্জাবে ভয়াবহ বন্যা, এশিয়া কাপের প্রস্তুতির ফাঁকেও ‘মানুষের পাশে’ শুভমান গিল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Shubman Gill : পাঞ্জাবে ভয়াবহ বন্যা, এশিয়া কাপের প্রস্তুতির ফাঁকেও ‘মানুষের পাশে’ শুভমান গিল - West Bengal News 24

অবিরাম ভারী বৃষ্টির কারণে পাঞ্জাবের বহু এলাকা প্লাবিত হয়েছে। অনেকে বলছেন, সাম্প্রতিক কালে এটিই প্রদেশটির সবচেয়ে ভয়ঙ্কর বন্যা। এই পরিস্থিতি দেখে জাতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিল জানিয়েছেন তাঁর ‘হৃদয় ভেঙে গিয়েছে’। তবে সেই সঙ্গে তিনি আশার বার্তাও দিয়েছেন। এদিকে আফগানিস্তানের ভয়ংকর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সেখানকার ক্রিকেটাররা।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক লিখেছেন, ‘পাঞ্জাবের ভয়াবহ বন্যা দেখে আমার মন ভেঙে গিয়েছে। পাঞ্জাব সব সময় সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে শক্তিশালী থেকেছে। এর থেকেও আমরা উঠে দাঁড়াব। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। মানুষের পাশে আছি।’

প্রতিবেদন অনুযায়ী, গত ৩৭ বছরে এত ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। প্রায় এক হাজার গ্রাম ডুবে গিয়েছে জলের তলায়। প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন। গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার একর কৃষিজমি। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ডেও বন্যা পরিস্থিতি ভয়াবহ। দিল্লি ও হরিয়ানায় সতর্কতা জারি করা হয়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনা নদী।

৪ সেপ্টেম্বর ভারতীয় দল উড়াল দেবে দুবাইয়ের উদ্দেশ্যে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। অসুস্থতার কারণে দলীপ ট্রফিতে খেলতে পারেননি শুভমান। তাছাড়া টানা বর্ষণে উত্তর ভারতে অনুশীলন ব্যাহত হওয়ায় তিনি ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ ফিটনেস টেস্ট ও প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই পাঞ্জাবের বন্যা নিয়ে তাঁর বার্তা সামনে এল।

অন্যদিকে, রবিবার রাতে আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। প্রাণ হারিয়েছেন ৮০০-রও বেশি মানুষ, আহত প্রায় ৩ হাজার। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আফগান ক্রিকেটাররা তাঁদের ম্যাচ ফি দান করার ঘোষণা করেছেন। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে বর্তমানে ত্রিদেশীয় সিরিজ খেলছে আফগানিস্তান।

আরও পড়ুন ::

Back to top button