জাতীয়

বিহারে ভোটার তালিকায় আধার যুক্ত করার নির্দেশ, SIR মামলায় ‘সুপ্রিম’ কোর্টের রায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিহারে ভোটার তালিকায় আধার যুক্ত করার নির্দেশ, SIR মামলায় ‘সুপ্রিম’ কোর্টের রায় - West Bengal News 24

বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ এবার আধার কার্ডকে ১২তম প্রামাণ্য নথি হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। সোমবার নির্বাচন কমিশনকে এ নিয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, আধারকে কখনই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যাবে না।”

এদিন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কিংবা পরিচয় যাচাইয়ের সময় আধার কার্ডকেও প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু নাগরিকত্ব ও ভোটার পরিচয় আলাদা বিষয়, তাই আধার নাগরিকত্বের প্রমাণ নয়।

এতদিন পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় ১১টি নথি ব্যবহার করা যেত। এবার শীর্ষ আদালত ১২তম নথি হিসাবে আধার যোগ করার নির্দেশ দিল। তবে নিয়মটি আপাতত কেবল বিহারের ক্ষেত্রেই কার্যকর হবে বলে আদালত জানায়। একই সঙ্গে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্তৃপক্ষদের আধার যাচাইয়ের অধিকারও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার পর বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৬৫ লক্ষ নাম। বিরোধীরা অভিযোগ তুলেছিল, এদের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছেন। প্রথমে নির্বাচন কমিশন এই বাদ যাওয়া নামগুলির আলাদা তালিকা প্রকাশ করেনি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তালিকা প্রকাশিত হয়। যদিও তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি বিশেষ উদ্যোগ নেয়নি বৈধ ভোটারদের ফের তালিকাভুক্ত করতে। এ পর্যন্ত মাত্র ২৯ হাজার আবেদন জমা পড়েছে নাম যুক্ত করার জন্য।

আরও পড়ুন ::

Back to top button