এশিয়া কাপ: সঞ্জু স্যামসনের খেলা অনিশ্চিত? BCCI-এর ইঙ্গিতবাহী পোস্টে শুরু জল্পনা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুবাইয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। গতবারের চ্যাম্পিয়ন দল এবারও শিরোপার দাবিদার। তবে টুর্নামেন্ট শুরুর আগ থেকেই সঞ্জু স্যামসনকে নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম একাদশে কি তিনি থাকবেন, নাকি জিতেশ শর্মার ওপর নির্ভর করবে দলের কনফিগারেশন?
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে টিম ইন্ডিয়ার প্র্যাকটিসের ভিডিও পোস্ট করা হয় BCCI-এর সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহ, শুভমান গিল ও তিলক বর্মারা জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। ব্যাটিং ও কিপিং অনুশীলন করতে দেখা যায় সঞ্জুকেও। তবে ভিডিওর শেষের দিকে দেখা যায়, ক্লান্ত শরীরে একা একটি চেয়ারে বসে রয়েছেন সঞ্জু।
এই দৃশ্যই নেটিজেনদের মধ্যে জোর জল্পনা তৈরি করেছে। ভিডিওটি কি নিছক কাকতালীয়, নাকি এতে কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? সঞ্জুর খেলার সম্ভাবনা নিয়ে ক্রিকেট ভক্তরা এখন বিতর্কিত। ভারত অধিনায়ক সূর্য সাংবাদিক সম্মেলনে বলেন, , “আমরা সব দিক দিয়ে সঞ্জুর খেয়াল রাখছি। চিন্তা করবেন না। আমরা কাল সঠিক সিদ্ধান্তই নেব।” অর্থাৎ সঞ্জু খেলবেন কি না, তা নির্ভর করছে সূর্যকুমার যাদবের ‘সঠিক সিদ্ধান্ত’-এর ওপর।
যদি সঞ্জু না খেলেন, তবে সুযোগ পাবেন জিতেশ। সূর্য বলেন, “আমরা ওকে বলেছি, সামনে কী আছে, তা নিয়ে না ভাবতে। নিজের রাস্তা অনুসরণ করো। এখন ও সম্পূর্ণ অন্য ধাঁচের প্লেয়ার হয়েছে। যেভাবে ও আইপিএলে পারফর্ম করেছে, ঘরোয়া ক্রিকেটে খেলেছে। সব জায়গায় জিতেশ ভালো খেলেছে। তাই ও নিজের জায়গা অর্জন করেছে।” অর্থাৎ টিম ম্যানেজমেন্টের ‘গুডবুকে’ রয়েছেন জিতেশ। সঞ্জুর একাকী ছবির পোস্ট কি সেই ইঙ্গিত দিচ্ছে—এমন প্রশ্ন উত্থাপন করেছে ভক্তদের মধ্যে।



